সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া – বর্ণমালা টেলিভিশন

সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৭:০৭ 85 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাওয়া শিশু-কিশোরদের কান ধরে উঠবস করিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। গত ৬ জানুয়ারি ঘটনাটি ঘটলেও তার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পর থেকে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। ক্ষোভের মুখে সর্বমিত্র ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে নিজের কাজের পক্ষে সাফাইও গেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের কান ধরিয়ে উঠবস করানো অত্যন্ত গর্হিত কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত তদন্ত করে সর্বমিত্রের বিষয়ে ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী শিশুদের কাউন্সেলিং করানো। কান ধরে শিশু-কিশোরদের উঠবস করানোর ঘটনায় গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বমিত্র চাকমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এতে বলা হয়েছে, একজন ছাত্র ও ডাকসু সদস্যের এ ধরনের আচরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তথা মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থি। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। এদিকে গতকাল সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্টে কান ধরানোর দায় নিয়ে সর্বমিত্র চাকমা দুঃখ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন। তবে লিখিত পদত্যাগপত্র জমা দেননি তিনি। গত বছর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সর্বমিত্র চাকমা ছাত্রশিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। এরপর নভেম্বরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বিতর্কিত হন তিনি। এখতিয়ার বহির্ভূত সেই অভিযানের সময় ছিন্নমূল মানুষদের মারধর, হেনস্তা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রক্টরিয়াল টিমের ভূমিকায় নেমে রাতে সড়কে থাকা বৃদ্ধকে লাঠি হাতে শাসানো নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। গত তিন দিনে খেলার মাঠে অবৈধ প্রবেশের দায়ে শিশুদের কান ধরানোর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল প্রক্টর সাইফুদ্দীন আহমেদের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে ‘সর্বমিত্র চাকমা কর্তৃক শিশুদের কানধরে উঠবস করানোর প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি’ সম্পর্কে জানতে সাক্ষাৎ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামি দাবি করেন, সর্বমিত্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী বলেন, বাচ্চাগুলো একেবারেই শিশুসুলভ আচরণ দিয়ে খেলাধুলা করছিল; উচ্ছ্বাস প্রকাশ করছিল। এটা এই বয়সের একেবারে সঠিক কাজ করছিল তারা। ডাকসুর নামে কান ধরে উঠবস, লাঠি নিয়ে শাসানো শিশু নিপীড়নের পর্যায়ে পড়ে। এখানে শক্তি প্রদর্শন করা হয়েছে। সেই শক্তিটা হচ্ছে বিধি ও আইনবহির্ভূত। তিনি বলেন, কান ধরে উঠবস করানো একেবারে গর্হিত অপরাধ হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল জগতে ভিজুয়ালাইজেশনের যুগে এই বাচ্চাগুলো যত বড় হবে, বিষয়টা তাদের ট্রমাটাইজ করার আশঙ্কা অনেক বেশি। এ জন্যই এটা আইন এবং নিয়মের মধ্যে এনে তদন্ত করা দরকার এবং এই বাচ্চাগুলোকে কাউন্সেলিং দেওয়া প্রয়োজন হতে পারে। ড. সাজ্জাদ সিদ্দিকী আরও বলেন, সর্বমিত্র চাকমা এর আগেও এ ধরনের কাজ করেছে। শুধু সর্বমিত্র নয়; ডাকসুর অধিকাংশজন নীতিমালা এবং দায়িত্ববহির্ভূত কাজই করে যাচ্ছিল। সেগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় উদাসীন ছিল। সকল ঘটনা তদন্ত করে ডাকসুর কার্যক্রম সীমিত করা উচিত। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দীর্ঘ দিন ধরে কাজ করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, শিশুদের ওপর যেন কোনোভাবেই শারীরিক নির্যাতন না করা হয়– এ বিষয়টি নিয়ে আমাদের সবাইকে অত্যন্ত সংবেদনশীল হতে হবে। কিছুদিন আগেও আমরা এমন একটি ঘটনা প্রত্যক্ষ করেছি এবং দুঃখজনকভাবে আবারও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বিষয়টি ভীষণ বেদনাদায়ক ও হতাশাজনক। তিনি বলেন, দেশ এখনও এক ধরনের অপরিপক্বতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে অনেক অদক্ষ মানুষ দায়িত্বপূর্ণ বিষয়গুলোকে বিকৃতভাবে উপস্থাপন ও প্রয়োগ করছে। এর ফলেই আমরা প্রায় প্রতিটি জায়গায় একের পর এক মানবিকতার বিরুদ্ধে ঘটনা দেখতে পাচ্ছি। নারীপক্ষের সদস্য জাহানারা খাতুন বলেন, আগে কোনো কিছু না জানিয়ে লাঠি হাতে নিয়ে এভাবে কান ধরে উঠবস করানো এক ধরনের ভয়ভীতি প্রদর্শন। শৃঙ্খলা আনার সমাধান কখনোই কান ধরে উঠবস হতে পারে না। এদিকে সর্বমিত্র চাকমার পদত্যাগপত্র নিয়ে গতকাল মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, সাধারণত পদত্যাগ-সংক্রান্ত কোনো ইস্যু হলে সেটি আমার কাছে আসবার কথা। এখন পর্যন্ত আমি এ রকম কিছু পাইনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে