ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের – বর্ণমালা টেলিভিশন

ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ November, ২০২৬ | ৬:৪৭ 0 ভিউ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার দেশটির গণতান্ত্রিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে দুর্বল করেছে। ৯৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার সংসদীয় প্রক্রিয়া ক্ষুণ্ন করছে, বিরোধী দলগুলোকে দমন করছে এবং রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

বিজ্ঞাপন

সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন জানান, গত এক দশকে মোদি সরকার নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে গিয়ে নাগরিক স্বাধীনতা রক্ষার স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। তিনি আরও বলেন, “সরকার আইনের শাসন ক্ষুণ্ন করে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব হয়েছে এবং ভারতে কর্তৃত্ববাদী শাসন আরও গভীর হয়েছে।”

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিষয়টির গুরুত্ব নিয়ে মঙ্গলবার রাতে এক অনলাইন আলোচনায় অংশ নেন ইলেইন পিয়ারসন, আইনজীবী বৃন্দা গ্রোভার, গবেষক অঞ্জলি ভরদ্বাজ এবং নাগরিক অধিকার–বিশেষজ্ঞ উষা রামানাথান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভা ও রাজ্যসভা থেকে ১৪৬ জন বিরোধী সংসদ সদস্যকে বহিষ্কার করে নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আইন পাস করা হয়। এছাড়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মোদি সরকার মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলা বিভিন্ন আইনকে ‘অর্থ বিল’ হিসেবে দেখিয়ে দ্রুত পাস করিয়েছে। ২০১৯ সালে অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) সংশোধনের মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা বাড়ানো হয়, যা পরে সমালোচকদের দমনে ব্যবহৃত হচ্ছে বলে সংস্থাটি দাবি করেছে।

ভারতের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে দাবি করা হয়, মোদি ও বিজেপির শীর্ষ নেতাদের ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন ব্যর্থ হয়েছে। এছাড়া ২০২৫ সালের জুন থেকে ভোটার তালিকা সংশোধনের নামে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়া হয়েছে এবং ২০২৬ সালের অক্টোবরে এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। সরকারি তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যা আগের দশকের তুলনায় ৬০০ শতাংশের বেশি। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলে তদন্ত স্থগিত বা মামলা প্রত্যাহার হয়ে যায়, যে কারণে বিরোধীরা বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন

পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইন ‘ইউএপিএ’ এবং বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইনের অপব্যবহার করে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীদের বিনা বিচারে কারাবন্দী রাখার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের আদালতগুলোও মৌলিক স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে। ২০২৬ সালের এপ্রিলে পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার পর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করায় ওই নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় আসে।

এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পার্লামেন্ট রাজনীতির কাছে বন্দী হয়ে পড়েছে বলে মন্তব্য করেন সাংবাদিক রাজদীপ সরদেশাই। তিনি বলেন, “নভেম্বরের শেষ সপ্তাহ চলে এলেও আগস্টে শেষ হওয়া বর্ষাকালীন অধিবেশন স্থগিত করার বা শীতকালীন অধিবেশন ডাকার কোনো লক্ষণ এখনো নেই। গুঞ্জন রয়েছে যে সংসদ ডাকার আগে সরকার ডিলিমিটেশন বিল পাস করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করার চেষ্টা করছে।

তাহলে কি সংসদীয় রীতিনীতি এখন রাজনৈতিক সংখ্যার খেলার কাছে জিম্মি হয়ে পড়েছে?” তিনি আরও বলেন, “এমনিতেই দেশের অনেক রাজ্যের বিধানসভাগুলো এখন দুই বা তিন দিনের নামমাত্র অধিবেশনে পরিণত হয়েছে। আমি যত দূর জানি, ভারত এখনো একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ। সংসদ কোনো সরকারেরই (তা যে সরকারই হোক না কেন) ব্যক্তিগত রাজনৈতিক সুবিধার জায়গা নয়।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন