ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা – বর্ণমালা টেলিভিশন

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৬ | ৭:৪০ 3 ভিউ

ঠাকুরগাঁও জেলা সদর থেকে ১৬ কিলোমিটার উত্তরে ভুল্লি উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রামটি একসময় তাঁতশিল্পের জন্য বিখ্যাত ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি বাড়িতে শোনা যেত তাঁতের খটখট শব্দ। কিন্তু বেলা ১১টার সময় বর্তমানে গ্রামটিতে এক ধরনের নীরবতা বিরাজ করছে, রাস্তাঘাটেও মানুষের চলাচল তুলনামূলক কম।

বিজ্ঞাপন

গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে রঘুনাথের বাড়ি। বাড়ির বারান্দায় তাঁতযন্ত্র এবং উঠানে সুতা গোছানোর চরকা পড়ে থাকতে দেখা যায়। বাড়িতে কাউকে না পেয়ে পাশের এক নারী জানান, রঘুনাথ মাঠে কাজ করতে গিয়েছেন। প্রায় আধা কিলোমিটার দূরে ধান কাটার সময় রঘুনাথের সঙ্গে কথা হয়। একসময় তাঁত বুনলেও এখন তিনি অন্যের জমিতে দিনমজুরি করছেন। কষ্টের কথা তুলে তিনি গেয়ে ওঠেন, ‘ওরে...তাঁতের ব্যবসা বন্ধ করিয়া/ আমরা ধরছি জন খাটিবা। দাদারে...ওরে দাদা...।’

রঘুনাথ জানান, নব্বইয়ের দশকে এ গ্রামে ঝুটের উল দিয়ে কম্বল তৈরি শুরু হয়। কেশুরবাড়ির তাঁতের কম্বলের সুনাম ছিল দেশজুড়ে। গ্রামের প্রায় ৫০০ পরিবারের প্রধান পেশা ছিল তাঁত বোনা। বগুড়ার শাওল বাজার থেকে ঝুটের উল এনে কম্বল তৈরি করে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। সেটিই ছিল কেশুরবাড়ির তাঁতশিল্পের সোনালি যুগ।

সেই সুদিন হারিয়ে গেছে বলে আক্ষেপ করেন রঘুনাথ। তিনি জানান, গত শীত মৌসুমে তিন মাস পরিবারের দুজন সদস্যের সহায়তায় কম্বল বুনে তাঁর লাভ হয়েছে মাত্র ২০ হাজার টাকা। এই সামান্য আয়ের কারণে অনেকেই তাঁত বন্ধ করে দিয়েছেন। বর্তমানে গ্রামে ৩০ থেকে ৪০টি পরিবারে তাঁত সচল আছে, যার মধ্যে মাত্র পাঁচ-ছয়টি পরিবার নিয়মিত তাঁত চালায়। বাকিরা কৃষিশ্রমিক, ইটভাটার শ্রমিক বা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছেন।

ফেরার পথে ভবেশ দেবনাথের বাড়িতে তাঁতের খটখট শব্দ শোনা যায়। প্রায় ৬০ বছর ধরে তাঁত বুনছেন তিনি। ভবেশ বলেন, ‘উলের দাম অনেক বেড়েছে। সেই তুলনায় কম্বল বিক্রি করে লাভ হয় না।’ সপিন দেবনাথ যোগ করেন, ‘শুধু উলের দাম বাড়লেই তো সমস্যা নয়, কম্বল কেনার লোকও কমে গেছে। আগে কম্বলের যে দাম পাওয়া যেত, এখন সেই দামও পাওয়া যায় না।’ ভবেশের আক্ষেপ, ‘শীত এলেই সরকার অনেক কম্বল বিতরণ করে। সরকার যদি আমাদের হাতে বোনা কম্বলের দিকে একটু নজর দিত, তাহলে আমাদের তাঁতগুলো হয়তো টিকে থাকত।’

বিজ্ঞাপন

বলাই চন্দ্রনাথের বাড়িতে এখনো তাঁত বোনার ব্যস্ততা দেখা যায়। তাঁর স্ত্রী ফুলরানী সুতা গোছাচ্ছেন এবং ছেলের বউ দীপ্তি রানী চরকা ঘোরাচ্ছেন। বলাই জানান, তিন-চার বছর আগে প্রতি মণ সুতা ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় কিনলেও এখন তা প্রায় ৪ হাজার টাকায় কিনতে হচ্ছে। সুতার দাম বাড়লেও কম্বলের দাম বাড়েনি। পুঁজির অভাবে বেশি সুতা কিনে সারা বছর উৎপাদন করাও সম্ভব হচ্ছে না। ফুলরানী বলেন, ‘ছোটবেলা থেকে তাঁত বোনার কাজ করে আসছি। অন্য কোনো কাজ জানা নেই। তাই কষ্ট হলেও এই কাজ ধরে আছি।’

পেশা পরিবর্তনের কথা জানিয়ে মিঠুন দেবনাথ বলেন, ‘তাঁত বোর্ড থেকে একসময় তাঁতিরা ঋণ পেয়েছিলেন। সেই ঋণ পরিশোধের পর আর নতুন করে ঋণ দেওয়া হচ্ছে না। পুঁজির অভাবে তাঁত চালানো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁত বন্ধ করে শ্রমিকের কাজ করতে হচ্ছে।’ তাঁত ছেড়ে পঞ্চ দেবনাথ পাটকলে, যগেন্দ্র দেবনাথ দিনমজুরের কাজে, শ্যামল দেবনাথ ইজিবাইক চালনায় এবং উত্তম দেবনাথ ব্যবসায় যুক্ত হয়েছেন।

তাঁতিদের দাবি, সরকারি কম্বল বিতরণ কর্মসূচিতে স্থানীয় তাঁতিদের তৈরি কম্বল কেনার ব্যবস্থা করা হলে তাঁতশিল্প বেঁচে যাবে। কেশুরবাড়ি তাঁতি সমিতির সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ বলেন, সরকার যদি প্রতিবছর কেশুরবাড়ি থেকে অন্তত দুই লাখ কম্বল কেনে, তাহলে গ্রামের তাঁতগুলো টিকে থাকবে। তাঁতিরা নতুন করে কাজ শুরু করার সাহস পাবেন।

এলাকার শিক্ষক প্রদীপ দেবনাথ আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এ এলাকার তাঁতিদের আগের মতো জৌলুশ নেই। যাঁরা এখনো এ পেশায় টিকে আছেন, তাঁদের অনেকের অন্য পেশায় যাওয়ার সামর্থ্য নেই। এই শিল্প বাঁচাতে হলে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তা না হলে এখান থেকে তাঁতশিল্প হারিয়ে যাবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন দিনাজপুরের চিরিরবন্দরের বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা মখলেসুর রহমান জানান, একটি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের কেশুরবাড়ির ১৬৮ জন তাঁতিকে ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছিল। ঋণের ৬৫ শতাংশ পরিশোধ হয়েছে। সেই প্রকল্পটির মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে এবং বর্তমানে ঘূর্ণমান তহবিল না থাকায় নতুন ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল