১০ দিনে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের – বর্ণমালা টেলিভিশন

১০ দিনে হাসপাতালে ভর্তি ৬ হাজার, মৃত্যু ২৬ জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৬:২২ 188 ভিউ
বর্ষা মৌসুম শেষ হলেও বৃষ্টি কমেনি। এখনো রোদের ফাঁকে নিয়মিত বৃষ্টি হচ্ছে। এই রোদ আর বৃষ্টির মধ্যে এডিস মশার লার্ভা ছড়িয়ে পড়ছে অনিয়ন্ত্রিতভাবে। ফলে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। মৃত্যুও ঘটছে প্রতিদিন। গত বছর সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছিল অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। সে সময় নভেম্বরই সবচেয়ে বেশি রোগী ধরা পড়ে। এবার চলতি মৌসুমে সবচেয়ে বেশি রোগী ও মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। অক্টোবরেও ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত আছে। মাসের প্রথম ১০ দিনে প্রায় ৬ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু নিয়ে। সরকারি হিসাবে, এ সময়ে মারা গেছেন ২৬ জন। চলতি মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে অন্তত ২২৪ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি এভাবে চলতে থাকলে অক্টোবরেই সেপ্টেম্বরের চেয়ে বেশি রোগী ও মৃত্যু হতে পারে। সেসঙ্গে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর বিস্তার থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলেছেন, এই রোদ, এই বৃষ্টি—এমন অস্থির আবহাওয়া এডিস মশার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছে। থেমে থেমে বৃষ্টিতে রাস্তাঘাট, বাসাবাড়ি, পলিথিন, খাবারের প্যাকেট, ডাবের খোসা, ছোট পাত্র—যেখানেই পানি জমে, সেখান থেকেই এডিস মশার বিস্তার ঘটছে। তাদের মতে, রোগী বাড়লে মৃত্যুও বাড়ে। চলতি বছরে ডেঙ্গু বাড়তে শুরু করে মে মাস থেকে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অক্টোবর ও নভেম্বর মাসেও উচ্চঝুঁকি থেকে যাচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলেছেন, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে। তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দিতে হবে। মশারি ব্যবহার করতে হবে। জ্বর অনুভব করলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন, মৃত্যু ১৯ জনের। জুলাইয়ে ভর্তি ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জনের। আগস্টে ভর্তি ১০ হাজার ৪৯৬, মৃত্যু ৩৯ জনের। সেপ্টেম্বরে ভর্তি সর্বোচ্চ ১৫ হাজার ৮৬৬, মৃত্যু ৭৬ জনের। অক্টোবরের প্রথম ১০ দিনে ভর্তি ৫ হাজার ৮৫১ জন, মৃত্যু ২৬ জনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘মাঝখানে ডেঙ্গু কিছুটা কমেছিল। এখন বৃষ্টি হওয়ায় আবার বেড়েছে। অক্টোবরেও বাড়তে থাকবে।’ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০১৯ সালে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৭৪ জন, মৃত্যু ১৬৪ জনের। ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত, মৃত্যু ১০৫ জনের। ২০২২ সালে আক্রান্ত ৬২ হাজার ৩৮২, মৃত্যু ২৮১ জনের। ২০২৩ সালে ভয়াবহ রূপ নেয় ডেঙ্গু, আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯, মৃত্যু ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত, মৃত্যু ৫৭৫ জনের। ২০২৫ সালে এখন পর্যন্ত আক্রান্ত ৫৩ হাজার ১৯৩, মৃত্যু ২২৪ জনের। বয়স অনুযায়ী দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। সংখ্যাটি সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বয়সসীমার মানুষ কর্মজীবী ও বেশি চলাফেরা করেন, তাই তারা মশার বেশি সংস্পর্শে আসছেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে থেমে থেমে বৃষ্টি এখনো হচ্ছে। যতদিন বৃষ্টি থাকবে, ততদিন ডেঙ্গুর ঝুঁকি থাকবেই। কারণ জমা পানিতে এডিস মশার লার্ভা জন্মায়।’ তিনি বলেন, ‘গত বছরও অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি ভয়াবহ ছিল। এ বছরও পরিস্থিতি নিয়ন্ত্রণহীন। আগামী তিন মাস পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই জরুরি ভিত্তিতে মশা নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থায় জোর দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাসাবাড়িতে ফুলের টব বা কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।’ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘সব জ্বরের রোগীকে দ্রুত হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু ধরা পড়লে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেকেই দেরি করে হাসপাতালে আসছেন, এতে চিকিৎসা জটিল হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘অল্প অবহেলাতেও বড় ক্ষতি হতে পারে।’ সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুতে মৃত্যুহীন একটি দিন পার হয়েছে; কিন্তু ওই দিনও হাসপাতালে ভর্তি হয়েছে ৩০৮ জন। এ পর্যন্ত চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৯৩ জন। মৃত্যু হয়েছে ২২৪ জনের। গতকালের ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ৮৭ জন, বরিশালের (সিটি করপোরেশনের বাইরে) ১১৫, চট্টগ্রামের ৮৫, ময়মনসিংহের ২১ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত ২২৪ জনের মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী। হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি