একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে – বর্ণমালা টেলিভিশন

একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৫ | ১০:১৪ 207 ভিউ
একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। এমন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আগামী ১৫ আগস্ট থেকে নতুন নির্দেশ কার্যকর হবে। তার আগে, ১৫ জুলাই অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেবে বিটিআরসি। গত ৩০ জুন অনুষ্ঠিত বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিটিআরসির হিসাব অনুযায়ী, নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের মধ্যে যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের একটি তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে। অপারেটররা ওই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে, কোন ১০টি সিম তারা রাখতে চান। সিম বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যেসব নম্বর থেকে বেশি কল বা ডেটা ব্যবহৃত হয় এবং যেগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (যেমন বিকাশ, নগদ, রকেট) সঙ্গে যুক্ত। এর ফলে, অনেক গ্রাহককে নিজেদের অতিরিক্ত সিম বন্ধ করতে বাধ্য হতে হবে, আর অপারেটরদেরও নিতে হবে প্রাসঙ্গিক উদ্যোগ। বিটিআরসি ২০১৭ সালে প্রথমবারের মতো একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল। পরে ২০২২ সালে সিম নিবন্ধন পদ্ধতি হালনাগাদ করা হলেও সিমের সংখ্যা অপরিবর্তিত ছিল। তবে সম্প্রতি সিম জালিয়াতি, অপরাধমূলক কর্মকাণ্ড ও ভুয়া নিবন্ধনের মাধ্যমে প্রতারণা বেড়ে যাওয়ায় সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সীমা আরও কমিয়ে আনা হলো। বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম রয়েছে। এত বিপুল সংখ্যক সিম ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাটি নতুন সীমা নির্ধারণ করেছে। বিটিআরসি জানিয়েছে, সিম নিষ্ক্রিয় করার ক্ষেত্রে গ্রাহকদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অপারেটরদের মাধ্যমে আগাম প্রচার ও সচেতনতা কার্যক্রম চালানো হবে। এদিকে, গত ২৪ জুন সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম সভায় আরও কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে একইসঙ্গে এক বছর পরপর সিম নবায়নের বিষয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসিকে এ বিষয়ে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনায় উঠে আসে, একজন ব্যক্তির নামে বেশি সংখ্যক সিম নিবন্ধনের সুযোগ থাকায় সেগুলো নানা ধরনের অপরাধে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, প্রতারণা ও অবৈধ তদবিরে সিম ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। উদাহরণ হিসেবে উঠে আসে—বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগে উপদেষ্টাদের নাম ব্যবহার করে তদবির, আবার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য সরকারি কর্মকর্তার ফোন নম্বর ক্লোন করে প্রতারণার ঘটনা। বিটিআরসির তথ্যমতে, বর্তমানে দেশে নিবন্ধিত প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ গ্রাহকের নামে, আর ১১ থেকে ১৫টি সিম ব্যবহার করছেন মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ গ্রাহক। ফলে, নতুন সীমা বাস্তবায়ন করা গেলে বেশিরভাগ গ্রাহকের ওপর এর প্রভাব পড়বে না বলে মনে করছে কমিশন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু