ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ – বর্ণমালা টেলিভিশন

ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ May, ২০২৬ | ৮:৪৬ 143 ভিউ
ঢাকায় সড়ক দুর্ঘটনাসহ ৩০ ঘণ্টার মধ্যে ঝরে গেল ১৩ জনের প্রাণ। এর মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে। একই দিনে ভোরে ভাটারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী-স্ত্রীসহ চারজন যাত্রী। অন্যদিকে বৃহস্পতিবার (২৮ মে) মিরপুর এলাকা থেকে দম্পতির লাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং দুটি বাস জব্দ করা হয়েছে। বাসচালক ও হেলপারদের পুলিশ খুঁজছে। তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, নর্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইসলাম পরিবহন ও আকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। মঙ্গলবার (২৭ মে) সকাল ৬টা ৫ মিনিটের দিকে প্রগতি সরণির নর্দা বাসস্ট্যান্ড সংলগ্ন আজিজ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে কুড়িল বিশ্বরোডগামী ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭০৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা সদরঘাটগামী আকাশ পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো-ব-১৩-০৭৪৩) সজোরে ধাক্কা দেয়। এতে ইসলাম পরিবহনের বাসটি উল্টে যায় এবং আকাশ পরিবহনের বাসটির ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই আকাশ পরিবহনের যাত্রী লাইজু বেগম (৩৮) নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুশি বেগম ও রবিউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কবির জমাদ্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে কবির জমাদ্দার ও লাইজু বেগম স্বামী-স্ত্রী। খুশি বেগম তাদের আত্মীয় বলে জানা গেছে। নিহত ও আহত সবাই আকাশ পরিবহনের যাত্রী ছিলেন। অন্যদিকে ইসলাম পরিবহনের বাসে অল্পসংখ্যক যাত্রী থাকলেও তাদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮) ও তার স্বামী কবির জমাদ্দার (৪৭)। কবিরের বাবার নাম আব্দুর রশিদ জমাদ্দার। তাদের বাড়ি মোংলা থানার উত্তর হলদিবুনিয়া এলাকায়। এ দুর্ঘটনায় নিহত অপরজন খুশি বেগম (৩৫)। তিনি মোংলা উপজেলার ভরবুরিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুলতান ফরাজি। জানা গেছে, তিনি নিহত দম্পতির আত্মীয়। আরেক নিহত রবিউল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মজিবর। তাদের বাড়ি ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারের দক্ষিণ পাশে। এদিকে আজ দুপুরের দিকে রাজধানীর মিরপুর দারুসসালাম হরিরামপুর এলাকার একটি বাসা থেকে নূর মোহাম্মদ হৃদয় (২৫) ও ঝুম আক্তার (১৮) এই দম্পতির লাশ উদ্ধার করে দারুসসালাম থানা পুলিশ। জানা যায়, তারা স্বামী-স্ত্রী ছিলেন। আনুমানিক ২ থেকে ৩ বছর আগে তারা বিয়ে করেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহের জেরে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঝুম আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। মিরপুর দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস হরিরামপুরে দম্পতির লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কাজ করছেন। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। পথচারীরা আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। হাসপাতালে মৃত্যুবরণ করা ছয় নবজাতকের মধ্যে একজনের পরিবারের পক্ষ থেকে থানায় এই মামলা করা হয়েছে। মামলায় অবহেলার কারণে শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই নবজাতকদের ময়নাতদন্ত করাতে চায়নি, সে কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। ২৭ মে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এই ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন