সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ জুন, ২০২৬
৫:২২ পূর্বাহ্ণ
54 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৬ | ৫:২২ 54 ভিউ
কোরবানির ঈদ গেছে প্রায় এক মাস। এরই মধ্যে ঢাকার বাইরে থেকে ট্রাকভর্তি লবণযুক্ত কাঁচা চামড়া আসছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। কিন্তু গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিংয়ে ঈদের পর সংগ্রহ করা কাঁচা চামড়াই ট্যানারিগুলোতে প্রক্রিয়াজাত না হয়ে পড়ে আছে। এর মধ্যে নতুন করে আসা চামড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। তারা বলছেন, এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। বাধ্য হয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন। কিন্তু এখনো মেলেনি কোনো সমাধান। শিল্পনগরীর দায়িত্বে থাকা বিসিকের কর্মকর্তার কাছ থেকেও পাননি আশ্বাস। এতে একদিকে বাড়ছে আর্থিক ক্ষতির ঝুঁকি, অন্যদিকে নির্ধারিত সময়ে বিদেশী ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী স্থানান্তরের সময় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়েছিল। কিন্তু এবারের কোরবানির ঈদের পর থেকেই শিল্পনগরীতে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রায় ১০ দিন ধরে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কম। এর সঙ্গে দিনের বড় একটি সময় বিদ্যুৎও থাকে না। ফলে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কোনো কোনো কারখানায় দিনের বেলায় কাজ পুরোপুরি বন্ধ থাকে। সরেজমিনে দেখা যায়, সালমা ট্যানারিতে লবণযুক্ত চামড়াগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। মেশিনগুলো বন্ধ, নেই কোনো কর্মযজ্ঞ। পুরো ট্যানারি ঘুরে মাত্র একজন নারী শ্রমিক পাওয়া গেল। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ না থাকায় দিনের বেলা কাজ বন্ধ থাকে। রাতের বেলা কাজ করেন তারা। এমন অবস্থায় বেতন পাওয়া নিয়েও দুশ্চিন্তা ভর করেছে তার মাথায়। অনেকটা একই অবস্থা এবিএস ট্যানারি, আজমেরি লেদার ও একে লেদারে। ঘুরছে না রাসায়নিকের ড্রাম, কাজ প্রায় বন্ধ, ব্যস্ততা নেই শ্রমিকদের। র‍্যামেক্স কর্পোরেশন লিমিটেডের টেকনিক্যাল কনসালট্যান্ট ও লেদার প্রকৌশলী শরীফ মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “এখন সবগুলো ট্যানারিতে চামড়া ঢুকছে। এ চামড়াকে আমরা প্রথমে ওয়েটব্লু চামড়ায় রূপান্তরিত করি। যাতে পচন থেকে রক্ষা পায়। এটা অনেকটা একটা ভবনের ফাউন্ডেশনের মতো। এখানে বিদ্যুতের প্রচুর দরকার। আমরা যখন কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করি, তখন অনেক রাসায়নিক ব্যবহার করতে হয়। ড্রামে দেয়ার পর যখন বিদ্যুৎ চলে যায়, তখন চামড়া আটকে যায়। এতে চামড়ার মান একেবারে নষ্ট হয়ে যায়।” তিনি আরো বলেন, “কোনো কোনো দিন ৭০ শতাংশ চামড়ার মান নষ্ট হয়ে যাচ্ছে। গড়ে যা প্রায় ৫০ শতাংশ। শুরুতেই যদি মান নষ্ট হয়ে যায়, আমি পরে যত ভালো রাসায়নিকই ব্যবহার করি না কেন, লাভ নেই। তখন রপ্তানি করতে গেলে এ চামড়া বাদ হয়ে যায়।” ট্যানারিতে গ্যাসের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে বিসিক শিল্পনগরীর একে লেদার কমপ্লেক্সের চিফ লেদার টেকনোলজিস্ট রুবেল হোসেন বলেন, “ট্যানারির অধিকাংশ কাজই গ্যাসনির্ভর। ওয়েট ব্লুয়ের পর ক্রাস্ট প্রসেসিং ধাপ আসে। বাংলাদেশ থেকে প্রায় ৯৫ শতাংশ ক্রাস্ট চামড়া রপ্তানি হয়, যার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু গ্যাস না থাকলে প্রয়োজনীয় তাপমাত্রা পাওয়া যায় না। পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়।” তিনি বলেন, “এখন বর্ষাকালের ভেজা আবহাওয়া। গ্যাস না থাকায় টানেল মেশিনে চামড়া শুকাতে পারছি না। চামড়া ঠিকভাবে শুকানো না গেলে পরে প্লেট মেশিনে দিলে এর ওপর দাগযুক্ত বা অসমান আবরণ তৈরি হয়। এমন চামড়া আন্তর্জাতিক ক্রেতারা গ্রহণ করেন না। শেষ পর্যন্ত সেগুলো ট্যানারিতেই পড়ে থাকে।” এমন অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়ে সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বরাবর চিঠি ইস্যু করেছেন শিল্প মন্ত্রণালয়ের বিসিক শাখার সহকারী সচিব মনজু আরা বেগম। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “কোরবানির আগেই আমরা কমপক্ষে তিন মাস গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বলেছিলাম। কিন্তু গত ১০ দিন ধরে গ্যাস পুরোপুরি বন্ধ আছে। আমার নিজের কারখানার কাজও প্রায় বন্ধ। যে চামড়া সংগ্রহ করেছিলাম তা পড়ে আছে।” তিনি বলেন, “আমাদের শ্রমিকরা বেকার হয়ে বসে আসে। আমাদের মূল ব্যবসা তো কাঁচা চামড়া রপ্তানি করা। সেটা যদি করতে না পারি, তাহলে শ্রমিকদের বেতন কীভাবে দেব। টাকা বের করতে না পারলে তো ব্যবসা টেকানো যাবে না।” রপ্তানি আদেশ বাস্তবায়নে শঙ্কার কথা জানিয়ে এ নেতা বলেন, “কোরবানির সময় আমাদের মূল ব্যবসা হয়। কিন্তু এখন কোনো ক্রয়াদেশ নিতে পারছি না। সরকারের কাছে দাবি জানালেও সমাধানের আশ্বাস তারা দিচ্ছে না। এটি অব্যাহত থাকলে নতুন করে কাঁচা চামড়া সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে আমাদের সবার জন্য।” এবিএস ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন বলেন, “আমরা যে চামড়া কিনেছি তা কীভাবে বাঁচাব সেটা নিয়ে চিন্তায় আছি। গ্যাস তো থাকেই না। বিদ্যুৎও ৭-৮ ঘণ্টা করে থাকে না। অবস্থা এমন দাঁড়িয়েছে, লবণ দেয়ার আগে চামড়া পচছে, এখন লবণ দেয়ার পর পচবে প্রক্রিয়াজাত করতে না পারার কারণে।” বিদ্যুৎ নিয়ে সন্তোষ প্রকাশ করে এ শিল্পনগরীর দায়িত্বে থাকা বিসিকের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানান, সাভারের অন্যান্য এলাকার তুলনায় এখানে লোডশেডিং কম। আর গ্যাসের বিষয়টি দেখবে তিতাস। তিনি সাফ জানিয়ে দিলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এছাড়া এখন তার আর করার কিছু নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন