মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার – বর্ণমালা টেলিভিশন

মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৬ | ৪:৫৮ 116 ভিউ
২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনাটি আজও দেশের মানুষের স্মৃতিতে টাটকা। চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে ধরে এনে পিটিয়ে হত্যা করার আজ দুই বছর পূর্ণ হলেও এখনো থমকে আছে বিচার প্রক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলা এবং পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের পর ২৪ মাস অতিবাহিত হলেও বিচার শুরু না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। ঘটনার দিন ১৮ই সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন বরগুনার পাথরঘাটার ছেলে তোফাজ্জল। বিশ্ববিদ্যালয়ের বিএম কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স করা এই যুবক মানসিক ভারসাম্যহীনতার কারণে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। শিক্ষার্থীরা তাকে ধরে এনে মোবাইল চুরির অভিযোগে প্রথমে অতিথি কক্ষে নিয়ে চড়-থাপ্পড় মারে। তোফাজ্জল ‘মানসিক রোগী’ বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে খাবারও খাওয়ানো হয়। কিন্তু সেই খাবারের রেশ কাটতে না কাটতেই তাকে হলের দক্ষিণ ভবনের অতিথি কক্ষে নিয়ে জানালার সাথে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তোফাজ্জলের নিরপরাধ চেহারা ও ভাত খাওয়ার দৃশ্য দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি করে। তোফাজ্জলের পরিবার বলতে কেউ অবশিষ্ট ছিল না। আট বছর আগে বাবা, পাঁচ বছর আগে মা এবং ২০২৩ সালে পুলিশের এসআই থাকা একমাত্র বড় ভাই ক্যান্সারে মারা যাওয়ার পর তোফাজ্জল পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পাবনার মানসিক হাসপাতালে নেওয়ার দিন সকালে শিকল ভেঙে পালিয়ে ঢাকা চলে আসেন তিনি। তোফাজ্জলকে পেটানোর খবর পেয়ে তার মামাতো বোন আসমা আক্তার তানিয়া ফোনে শিক্ষার্থীদের তোফাজ্জলের শারীরিক অবস্থা জানিয়ে ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন। কিন্তু স্বজনদের অভিযোগ, অনুরোধের পর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন তানিয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলার সাথে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় আদালত। তবে দুই বছর পার হলেও বিচার কাজ শুরু না হওয়ায় তানিয়া আক্ষেপ করে বলেন, “দুই বছর হয়ে গেছে এখনো বিচার শুরু হয়নি। আমাদের তো একটা ক্ষোভ থাকতেই পারে। আমরা বিচার চাই।” অন্যদিকে, ঢাবি এস্টেট অফিসের পক্ষ থেকেও প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একটি সুখী পরিবারের করুণ পরিণতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই ঘটনা আজও ন্যায়বিচারের অপেক্ষায় প্রহর গুনছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী