অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ আগস্ট, ২০২৬
৫:০৭ পূর্বাহ্ণ
0 ভিউ

অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬ | ৫:০৭ 0 ভিউ
সরকারের আর্থিক ব্যবস্থাপনায় কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে থোক বরাদ্দের কোনো অর্থ ব্যয় না করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। এ খাতে বরাদ্দ রয়েছে ১ লাখ ২১ হাজার ৫১১ কোটি টাকা। পাশাপাশি নতুন মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখা, সরকারি অর্থে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে কড়াকড়ি এবং নতুন ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ব্যয় সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগের ৮ই জুলাই জারি করা পরিপত্রে বলা হয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানেও এ নির্দেশনা প্রযোজ্য হবে। পরিপত্র অনুযায়ী, চলতি অর্থবছরের পরিচালন বাজেটে থোক বরাদ্দের কোনো অর্থ ব্যয় করা যাবে না। একই সঙ্গে মোটরযান, জলযান ও আকাশযান কেনার জন্য রাখা ৭ হাজার ৪৪ কোটি টাকার বরাদ্দও স্থগিত করা হয়েছে। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নতুন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নেওয়ার সুযোগ রাখা হয়েছে। নতুন বা প্রতিস্থাপিত জিপ ও কার কেনার ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাকাজে ব্যবহৃত যানবাহন ছাড়া এসব যান পূর্ণ বৈদ্যুতিক হতে হবে। সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ রাখা হয়েছে। তবে বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগীদের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ এবং স্কলারশিপ ও ফেলোশিপের আওতায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। পরিচালন বাজেটের অর্থে নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণও স্থগিত করা হয়েছে। চলমান কোনো নির্মাণকাজ ৭০ শতাংশের বেশি শেষ হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে তা শেষ করা যাবে। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রেও ব্যয় সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এমন ব্যয়সংকোচনের সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন নতুন অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেও সরকারের আর্থিক চাপের বিষয়টি উঠে এসেছে। গত ১৬ আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি কঠিন অবস্থার মধ্যে ছিল। তাঁর ভাষায়, ‘টাকা নাই তো নাই, এখন তো স্টার্ট করতে হচ্ছে মাইনাস থেকে।’ অর্থমন্ত্রী ওই সময় ব্যাংকিং খাত, শেয়ারবাজার ও সরকারি আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের কথাও উল্লেখ করেন। এর কয়েক দিনের ব্যবধানে সরকারি ব্যয়ের ওপর নতুন করে কড়াকড়ি আরোপের পরিপত্র জারি হওয়ায় বিষয়টি নতুন গুরুত্ব পেয়েছে। একদিকে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, অন্যদিকে বরাদ্দ থাকা অর্থের একটি বড় অংশ ব্যয় না করার নির্দেশ—সরকারের রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনার বাস্তব চাপ নিয়ে প্রশ্ন তৈরি করছে। অর্থনীতিবিদদের আশঙ্কাও খুব স্বস্তিদায়ক নয়। গতকাল ২২শে আগস্ট ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ‘ক্রমেই ঝুঁকিপূর্ণ ঋণ পরিস্থিতির দিকে যাচ্ছে’। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন কৌশল গ্রহণের পাশাপাশি বাজেট ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। রাজস্ব আদায়ের সক্ষমতা নিয়েও সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। নতুন অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। অর্থনীতিতে মন্থরতা, ব্যবসা-বাণিজ্যে চাপ এবং কর আদায়ের কাঠামোগত দুর্বলতার মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জন কতটা সম্ভব হবে, সেটিও বড় প্রশ্ন। বিশ্লেষকেরা বলছেন, শুধু ব্যয় কমিয়ে সরকারের আর্থিক চাপ দীর্ঘমেয়াদে সামাল দেওয়া সম্ভব নয়। রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সঙ্গে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও প্রয়োজন। কারণ সরকারের অতিরিক্ত ঋণ বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির ওপর চাপ তৈরি করতে পারে। সরকারের কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্তকে তাই সরাসরি ‘অর্থকষ্টের প্রমাণ’ বলা হয়তো ঠিক হবে না। তবে ১ লাখ ২১ হাজার ৫১১ কোটি টাকার থোক বরাদ্দে ব্যয় বন্ধ, নতুন যানবাহন কেনা স্থগিত, বিদেশ সফর ও প্রশিক্ষণে কড়াকড়ি এবং নতুন ভবন নির্মাণে নিষেধাজ্ঞা—সব মিলিয়ে সরকারি অর্থ ব্যবস্থাপনায় যে সতর্কতা ও চাপ তৈরি হয়েছে, তা স্পষ্ট। প্রশ্ন উঠছে, বাজেটের আকার বড় হলেও সরকারের হাতে বাস্তবে ব্যয় করার মতো অর্থের জোগান কতটা রয়েছে। অর্থমন্ত্রীর ভাষায় অর্থনীতি যখন ‘মাইনাস’ থেকে ঘুরে দাঁড়ানোর পর্যায়ে, তখন বড় বাজেটের পাশাপাশি ব্যয় সংকোচনের এসব সিদ্ধান্ত সেই বাস্তবতাকেই সামনে আনছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে