অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে – বর্ণমালা টেলিভিশন

অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ | ৫:২৭ 69 ভিউ
এত বিরোধিতা ও আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি অপারেটরের সঙ্গে ১৫ বছরের জন্য স্বাক্ষরিতব্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)। সরকারের এমন দেশবিরোধী সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বন্দর শ্রমিকরা। আজ ২রা অক্টোবর, শুক্রবার এ বিষয়ে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল ১লা অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সিসিইএর ৩১তম সভা অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের দাখিল করা প্রস্তাব অনুযায়ী সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এনসিটি এবং ওভারফ্লো ইয়ার্ডের (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রকল্পের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এ চুক্তি সম্পাদন করবে। এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবে বিবেচিত। বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৫ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। এ ছাড়া বন্দরের মোট রাজস্ব আয়ের একটি বড় অংশও এই টার্মিনাল থেকে আসে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার এ বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নিলেও শুরু থেকেই এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। এ নিয়ে তারা ধারাবাহিকভাবে আন্দোলনও করেছে। শ্রমিক সংগঠনগুলোর মতে, বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব গেলে জাতীয় অর্থনৈতিক স্বার্থ, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার এবং বন্দরের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তারা টার্মিনালকে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করবে। অন্যদিকে, সরকারের পরিকল্পনায় আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়টি রয়েছে। পিপিপি কর্তৃপক্ষের প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এ লেনদেনের পরামর্শক হিসেবে কাজ করছে। চুক্তির কাঠামো তৈরি, দরপত্র-সংক্রান্ত নথি প্রস্তুত এবং আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের দেওয়া হয়েছে। এনসিটি পরিচালনার দায়িত্ব বর্তমানে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের হাতে রয়েছে। নতুন চুক্তি কার্যকর ও দায়িত্ব হস্তান্তরের আগে প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনা অব্যাহত রাখবে। চট্টগ্রাম বন্দর নিয়ে ডিপি ওয়ার্ল্ডের অতি আগ্রহের কারণ কী? চলতি বছরের ৮ই এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৪র্থ বাংলাদেশ দুবাই জয়েন্ট পিপিপি প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী নেতৃত্ব দেন। অপরদিকে দুবাই সরকারের পোর্টস, কাস্টমস অ্যান্ড ফ্রি জোনস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আবদুল্লাহ আল নেয়াদি, ডিপি ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা যুবরাজ নারায়ণসহ চারজন অংশ নেন। সেখানেই এনসিটি ইস্যুতে কনসেশন চুক্তির মেয়াদ ১৫ বছরের পরিবর্তে ৩০ বছর করার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড। এখানেই শেষ নয়, এনসিটির পাশাপাশি চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) টার্মিনালকে আধুনিকীকরণ ও পরিচালনায় আগ্রহ প্রকাশ করে অপারেটর প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সরকার বাংলাদেশ-দুবাই যৌথ পিপিপি প্ল্যাটফর্মে সিসিটি অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে এবং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ সভাগুলোতে এটিকে একটি পৃথক প্রকল্প হিসেবে আলোচনা করতে সম্মত হয়েছে বলেও জানা গেছে। চট্টগ্রাম বন্দরে এনসিটির পাশেই সিসিটি টার্মিনালটি অবস্থিত। এনসিটি টার্মিনালে একসঙ্গে চারটি সমুদ্রগামী ও একটি ছোট কন্টেইনার জাহাজ ভেড়ানো যায়। অপরদিকে সিসিটি টার্মিনালে একসঙ্গে দুটি জাহাজ ভেড়ানো যায়। এনসিটি বছরে ১৫ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে। পাশাপাশি সিসিটি টার্মিনালে বছরে ৭ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে। যা বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের (পিসিটি) চাইতে বেশি। সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল পরিচালিত পিসিটি টার্মিনালে বছরে ৫ লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। এখন ডিপি ওয়ার্ল্ড যদি বন্দরের এনসিটি ও সিসিটি একসঙ্গে পরিচালনার দায়িত্ব নিতে পারে তাহলে প্রতিষ্ঠানটি বছরে একাই ২২ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করার কর্তৃত্বে থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী