নিউজ ডেক্স
আরও খবর
সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর
ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র?
কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে
ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর
দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি
সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে
ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল
যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভার্সিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের ওই আদেশ স্থগিত রাখার আবেদনও করেছে সরকার। ফলে বহুল আলোচিত গ্রিন কার্ড লটারি চালু হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহটা অভিবাসন আইন সংস্থা রেড ঈগল ল-এর দায়ের করা মামলায় ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ দেন। প্রাথমিক নিষেধাজ্ঞার মাধ্যমে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ২০২৭ অর্থবছরের ডাইভার্সিটি ভিসা কর্মসূচি পুনরায় চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
ডিভি লটারি বা গ্রিন কার্ড লটারির মাধ্যমে প্রতিবছর যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে কমসংখ্যক অভিবাসী পাঠানো দেশগুলোর নাগরিকদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার ডাইভার্সিটি ভিসা দেওয়া হয়। এর মাধ্যমে যোগ্য ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।
গত ১৯ অক্টোবর মার্কিন সরকার বিচারকের প্রাথমিক নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট আদেশের বিরুদ্ধে আপিল করে। পাশাপাশি আপিল চলাকালে ওই আদেশের কার্যকারিতা স্থগিত রাখার জন্য পৃথক আবেদনও জমা দেওয়া হয়।
কেন নিবন্ধন চালুর নির্দেশ দিয়েছিলেন বিচারক?
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের নভেম্বরে জানিয়েছিল, ডিভি-২০২৭ লটারির আবেদনপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা করা হবে। কিন্তু ২০২৭ অর্থবছর ১ অক্টোবর শুরু হওয়ার পরও নিবন্ধন কার্যক্রম চালু হয়নি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, লটারিতে নিবন্ধনের সুযোগ না থাকলে কেউ ডাইভার্সিটি ভিসার জন্য আবেদন করতে পারেন না। ফলে নিবন্ধন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় কার্যত পুরো কর্মসূচিই বন্ধ হয়ে পড়েছিল।
বিচারক ওহটা বলেন, ২০২৫ সালের নভেম্বরে সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা কীভাবে অনির্দিষ্টকালের স্থগিতাদেশে পরিণত হলো, সে বিষয়ে পররাষ্ট্র দপ্তর কোনো যথাযথ ব্যাখ্যা দেয়নি। কর্মসূচিটির ওপর নির্ভরশীল ব্যক্তিদের বিষয়টি কর্মকর্তারা বিবেচনা করেছিলেন কি না, সে সম্পর্কেও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
বিচারকের মতে, এ ধরনের ব্যাখ্যার অনুপস্থিতিতে ডিভি-২০২৭ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও যুক্তিহীন বলে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে।
সরকারের যুক্তি খারিজ করেন আদালত
মামলায় রেড ঈগল ল যুক্তি দেয়, ডিভি লটারি বন্ধ থাকলে প্রতিষ্ঠানটির গ্রাহক ও আয় কমে যাবে। এ ক্ষতি পরবর্তী সময়ে মামলার মাধ্যমে পূরণ করাও সম্ভব হবে না।
বিচারক মনে করেন, নিবন্ধন চালু করলে সরকারের ওপর অন্যায্য চাপ সৃষ্টি হবে না। বরং ফেডারেল আইন মেনে কর্মসূচি পরিচালনার নির্দেশ দেওয়া জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে, সরকার যুক্তি দিয়েছিল, নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আদালত লটারি চালুর নির্দেশ দিতে পারেন না। এ ছাড়া দেশব্যাপী কার্যকর এমন নিষেধাজ্ঞা জারি করাও যথাযথ নয় বলে দাবি করে সরকার।
তবে বিচারক এসব যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, দেরিতে নিবন্ধন শুরু হলেও কংগ্রেসের নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের শর্ত পূরণ করা সম্ভব।
কবে শুরু হতে পারে নিবন্ধন?
আদালতের অনুমোদিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সীমা ঘোষণা করতে হবে। এরপর ১ নভেম্বর থেকে ৩০ দিনের জন্য নিবন্ধন কার্যক্রম চালুর কথা রয়েছে। নির্বাচিত আবেদনকারীদের ৩ ডিসেম্বরের মধ্যে অবহিত করার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের আপিল এবং আদালতের আদেশ স্থগিত রাখার আবেদনের কারণে এই সময়সূচি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিবন্ধন চালু হলেই কি গ্রিন কার্ড মিলবে?
ডিভি লটারির নিবন্ধন চালু হওয়া এবং ভিসা পাওয়া এক বিষয় নয়। নিবন্ধন শেষে নির্বাচিত হলেও আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা, সাক্ষাৎকার এবং অন্যান্য যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
তাই আদালতের আগের আদেশের ভিত্তিতে নিবন্ধন চালুর সম্ভাবনা তৈরি হলেও ট্রাম্প প্রশাসনের আপিলের পরবর্তী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিবন্ধন ও ভিসা ইস্যুর বিষয়ে সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ করেই আবেদনকারীদের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]