চাপ প্রয়োগে বেনামি ঋণ ৩৮ হাজার কোটি টাকা – বর্ণমালা টেলিভিশন

চাপ প্রয়োগে বেনামি ঋণ ৩৮ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ January, ২০২৫ | ৬:৫০ 217 ভিউ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত ঋণ দিয়েছে ৬০ হাজার ৪৯৪ কোটি টাকা। এর মধ্য থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় ৬৩ শতাংশ। এর জন্য তিনি জামানত রেখেছেন মাত্র ৪ হাজার ৭৪৮ কোটি টাকার সম্পদ, যা তার ঋণের মাত্র ১২ শতাংশ। ২৫৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল অঙ্কের এই টাকা বের করা হয়। যার অধিকাংশই বেনামি, কাগুজে ও অস্তিত্বহীন প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, একজন পরিচালক নিজের প্রতিষ্ঠান থেকে খুব বেশি ঋণ নিতে পারেন না। শেয়ারের মাত্র ২৫ শতাংশ ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এ কারণে কাগুজে, বেনামি ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ বের করে এস আলম গ্রুপ। সম্প্রতি ব্যাংকের ২৪টি শাখায় বিশেষ পরিদর্শন পরিচালনা করা হয়। খোদ ব্যাংক থেকেই গঠিত তদন্ত কমিটির সদস্যদের পরিদর্শন প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে আসে। পরিদর্শনে বের হওয়া এস আলম গ্রুপের নামে-বেনামে ঋণের তালিকা দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানো হয়েছে। এ তালিকা হাতে এসে পৌঁছেছে। প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, মেসার্স এমডি তমিজউদ্দিনের নামে চলতি মূলধন খাতে ৫৬ কোটি টাকা। কোনো ধরনের জামানত ছাড়াই সাধারণ ‘কর্জ’ নামে আরও নেন ১৬৬ কোটি টাকা। দ্বিতীয় ঋণটি এখন খেলাপি। এমডি আহসান আজাদের নামে চলতি মূলধন খাতে ৩১ কোটি এবং কোনো ধরনের জামানত ছাড়াই সাধারণ কর্জ নামে আরও নেন ১৩১ কোটি টাকা। এখানেও দ্বিতীয় ঋণটি এখন খেলাপি। সোলাইমান এন্টারপ্রাইজের নামে ৮৮ কোটি টাকা জামানতের বিপরীতে ১৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। ইউনিভার্সাল মেডিকেয়ার লিমিটেডের নামে চলতি মূলধন বাবদ দেওয়া হয় ১ কোটি টাকা। আরমাডা স্পিনিং মিলসের নামে মাত্র ৯০ কোটি টাকা জামানত রেখে ৪৬৮ কোটি টাকা বের করা হয়েছে। এর মধ্যে খেলাপি ১৭৩ কোটি টাকা। গ্যালকো স্টিল লিমিটেডের নামে কোনো প্রকার জামানত ছাড়াই দেওয়া হয়েছে ২৫ কোটি টাকা। পুরোটাই খেলাপি। এছাড়াও সগো ইন্টারন্যাশনালসহ পাঁচ ব্যক্তিকে কোনো জামানত ছাড়াই দেওয়া হয় ৩ কোটি ২৩ লাখ টাকা। সিদ্দিক এন্টারপ্রাইজের নামে মাত্র ৪২ কোটি টাকা জামানতের বিপরীতে দেওয়া হয় ৩৭৮ কোটি টাকা। সানসাইন ট্রেডিং হাউজের নামে মাত্র ৪৪ কোটি জামানতের বিপরীতে দেওয়া হয়েছে ৩৮৬ কোটি টাকা। লাইফ লং ট্রেড ইন্টারন্যাশনালের নামে দেওয়া হয়েছে ৩৯০ কোটি, যেখানে জামানত মাত্র ৪৯ কোটি টাকা। ইন্ডিগো ট্রেডিং করপোরেশনের নামে দেওয়া হয়েছে ৩৮৭ কোটি টাকা। জামানত মাত্র ৫৩ কোটি টাকা। মেসার্স গ্রিন এক্সপোজ ট্রেডার্সের নামে ১০৬ কোটি জামানতের বিপরীতে দেওয়া হয়েছে ৪২৫ কোটি টাকা। ফেন্সিফেয়ার করপোরেশনকে ১০৫ কোটি টাকা জামানতের বিপরীতে ঋণ দেওয়া হয় ১১৩ কোটি টাকা। জেসমিন ট্রেডিং করপোরেশনের মাত্র ৫৩ কোটি টাকা জামানতের বিপরীতে ঋণ দেওয়া হয় ৩৭০ কোটি টাকা। চট্টগ্রামের বন্দর টিলা শাখার জিনিয়াস ট্রেডিং মাত্র ১ কোটি ৯৮ লাখ টাকা জামানত রেখে বের করে নিয়েছে ৪৫৯ কোটি টাকা। এ শাখা থেকে নামমাত্র জামানতে বের করে নেওয়া হয়েছে আরও প্রায় ১৮০০ কোটি টাকা। খাতুনগঞ্জ শাখার আনসার এন্টারপ্রাইজ, দুলারি এন্টারপ্রাইজ, মুসা এন্টারপ্রাইজ ও গিয়াস করপোরেশন-এ চার প্রতিষ্ঠানকে কোনো জামানত ছাড়াই দেওয়া হয় ১১২৭ কোটি টাকা। মহাখালী শাখায় ফার্স্ট কমিউনিকেশন লিমিটেড ৭৮ কোটি, ইসলাম ট্রেডার্স ২২৯ কোটি, জাসমির সুপার অয়েল ২৬২ কোটি টাকা ঋণ নিয়েছে। এক টাকাও জামানত দেয়নি। আগ্রাবাদ শাখার হক এন্টারপ্রাইজ, কাজী ট্রেডার্স ও ইউনিটেক্স স্পিনিং জামানত ছাড়া নিয়েছে ৩২৪ কোটি টাকা। বনানী শাখায় কাজী এডিবল অয়েল দুবারে বের করেছে ১৩০ কোটি টাকা, নেই কোনো জামানত। চট্টগ্রামের প্রবর্তক মোড় শাখার শানঘু ভ্যালি কোল্ডস্টোরেজ ইন্ডাস্ট্রিজ, নেক্স-সোর্স লিমিটেড ও ওয়াক বিচ অ্যাপারেলস বায়িং-এই তিন প্রতিষ্ঠান নিয়েছে ৭ কোটি টাকা কোনো জামানত ছাড়াই। মতিঝিল শাখার টাইম সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অনুকূলে দেওয়া হয় ১৯৩ কোটি টাকা, কোনো জামানত নেওয়া হয়নি। চট্টগ্রামের জুবিলী রোড শাখার ওপর পরিদর্শন শেষে পরিদর্শক দল উল্লেখ করে, শাখার ভাষ্যমতে সব বিনিয়োগ অর্থাৎ ঋণপ্রস্তাব ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের আসাদগঞ্জ অফিস থেকে উপস্থাপিত এবং তার ব্যক্তিগত সহকারী (পিএস) আকিজ উদ্দিনের প্রত্যক্ষ হস্তক্ষেপে অনুমোদন ও বিতরণ করা হয়। সব মিলে এসব ঋণের সুবিধাভোগী এস আলম নিজেই। একইভাবে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার পরিদর্শক দল উল্লেখ করে, সংশ্লিষ্ট শাখা নির্বাহী ও কর্মকর্তাদের কাছ থেকে মৌখিকভাবে জানা যায়, এসব ঋণ এস আলম ভবন বল প্রয়োগ বা ক্ষমতার অপব্যবহার করে নিয়েছে। ব্যাংক কর্মকর্তারা আরও জানান, এসব ঋণ নিয়েছে এস আলমের স্বার্থসংশ্লিষ্ট কাগুজে কোম্পানি এবং এর সুবিধাভোগী তিনি নিজেই। একই ধরনের বক্তব্য পরিদর্শন হওয়া ২৪টি শাখার প্রায় সব শাখা থেকে এসেছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, এটা ব্যাংকের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত। তবে প্রকৃত তদন্ত হবে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে ফরেনসিক তদন্ত, যা মাত্র শুরু হয়েছে। প্রসঙ্গত, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম-দুর্নীতির কারণে সংকটে পড়া ছয় ব্যাংকের সম্পদের মান পর্যালোচনায় দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি। এজন্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ছুটিতে পাঠানো হয়েছে। এ নিরীক্ষায় অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যে ছয় ব্যাংকে নিরীক্ষা শুরু হবে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। সূত্রমতে, আর্নেস্ট অ্যান্ড ইয়াং নিরীক্ষা করবে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংকের সম্পদের মান। কেপিএমজি নিরীক্ষা করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদের মান। এর মধ্যে চারটি ব্যাংকের মালিকানা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের হাতে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা