নিউজ ডেক্স
আরও খবর
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি
অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না
বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ
সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ
বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে
আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ জন গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিয়ম মেনে ব্যাংকে টাকা জমা রাখার পরও অনেক গ্রাহক এখন নিজেদের হিসাবের কোনো হদিস পাচ্ছেন না। কারও কাছে জমার বিষয়ে মোবাইলে আসা বার্তা আছে, আবার কারও কাছে ব্যাংকের রসিদ কিংবা স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র রয়েছে।
এসব প্রমাণ দেখিয়েও তাঁরা আমানতের অর্থ ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
আমানত ফেরত এবং আর্থিক জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে রোববার, ৮ নভেম্বর, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। দুপুর ২টায় অনুষ্ঠিত কর্মসূচিতে ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী তাঁদের সাত দফা দাবি তুলে ধরেন। গ্রাহকেরা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, শ্রীনগর শাখার আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে বহু গ্রাহকের সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং ব্যবসার মূলধন ঝুঁকির মুখে পড়েছে। আমানত ফেরত না পাওয়ায় গ্রাহক ও তাঁদের পরিবারগুলো গুরুতর আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
আবেদনকারীরা আরও উল্লেখ করেছেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা রয়েছে। সেই বিশ্বাস করেই গ্রাহকেরা তাঁদের কষ্টার্জিত অর্থ সেখানে জমা রেখেছিলেন। শাখার অনিয়ম বা জালিয়াতির দায় যেন সাধারণ আমানতকারীদের ওপর না বর্তায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
গ্রাহকদের অভিযোগ, তাঁরা ব্যাংকের নিয়ম মেনেই টাকা জমা দিয়েছেন। কয়েকজনের মুঠোফোনে জমার বার্তাও এসেছিল। কিন্তু পরে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের নামে কোনো হিসাব খুঁজে পাচ্ছে না বলে জানায়।
জাফরিন আলম বলেন, তিনি দুইবারে মোট ১৫ লাখ টাকা জমা দিয়েছিলেন। প্রথমবার ১০ লাখ টাকা জমা দেওয়ার পর তাঁর মুঠোফোনে জমার বার্তা আসে। দ্বিতীয়বার আরও ৫ লাখ টাকা জমা দিয়ে কোনো বার্তা না পেয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাঁকে সফটওয়্যারের সমস্যার কথা বলা হয়।
জাফরিন আলমের ভাষ্য, “আমার মতো আরও অনেক গ্রাহক একই সমস্যায় পড়েছেন। নিজেদের জমা করা টাকা ফেরত চাই এবং এই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছি।”
ব্যাংকের আরেক গ্রাহক ফারহানা আলম জানান, দুই দফায় তিনি মোট ৩ লাখ টাকার এফডিআর করেছিলেন এবং তাঁর কাছে জমার রসিদও রয়েছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর কিংবা অর্থ ফেরত চাইতে গিয়েও তিনি টাকা পাননি বলে অভিযোগ করেন।
ফারহানা আলম বলেন, অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসোমা আলমের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি।
তাঁর অভিযোগ, শাখার কর্মকর্তাদের দায় আড়াল করার জন্য ব্যাংকের শীর্ষ পর্যায়ের কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিগত লেনদেন হিসেবে দেখানোর চেষ্টা করছেন। অথচ গ্রাহকেরা ব্যাংকের নিয়ম অনুসারেই টাকা জমা দিয়েছেন। তাই তাঁদের আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে ভুক্তভোগীরা সাত দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে, শ্রীনগর শাখার অনিয়ম ও জালিয়াতির ঘটনা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করা।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানত ও আর্থিক ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির দাবিও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় জমা দেওয়া অর্থ যাচাই করে বৈধ ও প্রমাণিত আমানত দ্রুত ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অর্থ আত্মসাৎ ও জালিয়াতিতে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও ব্যাংকিং বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও রয়েছে তাঁদের।
অভিযোগ ও আমানত ফেরতের বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ঘটনাটি প্রায় দুই মাস আগের। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে এ ঘটনায় মামলা করেছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যানের বক্তব্য, প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে তার আগে কারা প্রকৃতপক্ষে কত টাকা জমা দিয়েছেন, তা যাচাই করা প্রয়োজন। সেই যাচাই-বাছাই এখন চলছে।
তবে গ্রাহকেরা কবে তাঁদের আমানত ফেরত পাবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি ব্যাংক চেয়ারম্যান। ফলে দীর্ঘদিনের সঞ্চয় ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা ৩১৫ গ্রাহকের উদ্বেগ এখনো কাটেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]