এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? – বর্ণমালা টেলিভিশন

এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ July, ২০২৬ | ৫:৩১ 95 ভিউ
বাজারে প্রায় সব ব্র্যান্ডের সিগারেটই বিক্রি হচ্ছে প্যাকেটে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে। আইন অনুযায়ী এমআরপির বেশি দাম নেওয়ার সুযোগ না থাকলেও দীর্ঘদিন ধরে এ চর্চা চলছে। বিশেষজ্ঞদের মতে, এতে সরকারের রাজস্ব বাড়ছে না; বরং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে জমা হচ্ছে অতিরিক্ত অর্থ। শুধু নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের ক্ষেত্রেই বছরে ৪ হাজার কোটি টাকার বেশি সম্ভাব্য রাজস্ব সরকারের বাইরে থেকে যাচ্ছে বলে তাদের হিসাব। দেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো পণ্যই মোড়কে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের বেশি দামে বিক্রি করা যায় না। কিন্তু সিগারেটের বাজারে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীসহ বিভিন্ন এলাকার খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ব্র্যান্ডের সিগারেটই এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ১০ শলাকার নিম্ন স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা নির্ধারণ করেছে সরকার। কিন্তু বাজারে নিম্ন স্তরের ১০ শলাকার ডার্বি বিক্রি হচ্ছে প্রায় ৭০ টাকায়। মধ্যম স্তরের ২০ শলাকার ক্যামেলের দাম নেওয়া হচ্ছে প্রায় ২০০ টাকা। উচ্চ স্তরের ১০ শলাকার গোল্ডলিফ বিক্রি হচ্ছে স্থানভেদে ১৮০ থেকে ১৯০ টাকায়। আর প্রিমিয়াম স্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেট বিক্রি হচ্ছে ৪৩০ থেকে ৪৪০ টাকায়। ফলে প্রতি শলাকার ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে ক্রেতাদের। খুচরা বাজারে অধিকাংশ সিগারেটই প্যাকেট নয়, এক শলাকা হিসেবে বিক্রি হয়। এই পর্যায়েই নির্ধারিত দাম ও বিক্রয়মূল্যের ব্যবধান সবচেয়ে বেশি দেখা যায়। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) বিশ্লেষণ অনুযায়ী, সরকার নির্ধারিত দামে নিম্ন স্তরের একটি সিগারেটের মূল্য ৬ টাকা ২০ পয়সা হলেও বাজারে তা ৭ টাকায় বিক্রি হয়। একইভাবে মধ্যম স্তরের একটি সিগারেটের নির্ধারিত দাম ৯ টাকা ২০ পয়সা হলেও বিক্রি হচ্ছে ১০ টাকায়। স্টপ উদ্যোগের আওতায় ২০১৮ সালে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ বিক্রেতাই প্যাকেটের বদলে এক শলাকা করে সিগারেট বিক্রি করেন। ২০২১ সালে তিন হাজার প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর ওপর পরিচালিত আরেক গবেষণায় দেখা যায়, ৫৭ শতাংশ ধূমপায়ী নিয়মিত এক শলাকা করে সিগারেট কেনেন। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণ মূল্য নির্ধারণের বর্তমান কাঠামো। সিগারেটের আবগারি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) নির্ধারিত হয় সরকার ঘোষিত এমআরপির ভিত্তিতে। কিন্তু বাজারে এমআরপির চেয়ে বেশি দাম নেওয়া হলেও সেই অতিরিক্ত অর্থ করের আওতায় আসে না। ফলে ভোক্তা অতিরিক্ত অর্থ দিলেও সরকার তার অংশ পায় না। পিপিআরসির হিসাব অনুযায়ী, শুধু নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট থেকেই এভাবে বছরে ৪ হাজার কোটি টাকার বেশি সম্ভাব্য রাজস্ব সরকারের বাইরে থেকে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, সাধারণ ভোগ্যপণ্যের ক্ষেত্রে উৎপাদক প্রতিষ্ঠান পাইকার ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নির্দিষ্ট মুনাফার সুযোগ রেখে এমআরপির চেয়ে কম দামে পণ্য সরবরাহ করে। কিন্তু সিগারেটের ক্ষেত্রে সেই ব্যবস্থা কার্যকর নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শফিউন নাহিন শিমুল বলেন, পরিবেশকেরা কার্যত এমআরপির কাছাকাছি দামে সিগারেট কিনে থাকেন। ফলে খুচরা বিক্রেতাদের জন্য বৈধ মুনাফার সুযোগ থাকে না। সেই ঘাটতি পূরণ করতেই তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করেন। তিনি বলেন, প্যাকেটে লেখা মূল্যই ভোক্তার সর্বোচ্চ পরিশোধযোগ্য মূল্য হওয়ার কথা। কিন্তু ডিলারেরাই যদি সেই দামে পণ্য পান, তাহলে খুচরা বিক্রেতারা লাভের জন্য অতিরিক্ত দাম নিতে বাধ্য হন। একজন পাইকারি বিক্রেতার ভাষ্য অনুযায়ী, ২০ প্যাকেটের একটি কার্টন স্থানীয় পর্যায়ে কোম্পানি-নির্ধারিত দামের চেয়ে ৭ থেকে ১০ টাকা বেশি দামে কিনতে হয়। পরে খুচরা বিক্রেতার কাছে পৌঁছানোর আগেই কার্টনপ্রতি আরও ১৫ থেকে ২০ টাকা দাম বেড়ে যায়। বাজারের তথ্যেও একই চিত্র পাওয়া যায়। নিম্ন স্তরের ডার্বির ২০ প্যাকেটের একটি কার্টনের নির্ধারিত মূল্য ১ হাজার ৪৪০ টাকা, অর্থাৎ প্রতি প্যাকেট ৭২ টাকা। মধ্যম স্তরের নেভি, স্টার ও ক্যামেলের কার্টনের নির্ধারিত মূল্য ১ হাজার ৮৪০ টাকা, অর্থাৎ প্রতি প্যাকেট ৯২ টাকা। কিন্তু খুচরা বিক্রেতারা এক শলাকা হিসেবে বিক্রি করায় নিম্ন স্তরের একটি প্যাকেট থেকে প্রায় ৮০ টাকা এবং মধ্যম স্তরের একটি প্যাকেট থেকে প্রায় ১০০ টাকা পর্যন্ত আদায় করেন। অথচ সরকার কর আদায় করে নির্ধারিত ৭২ ও ৯২ টাকার ভিত্তিতেই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নীতিমালার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্যাকেটে লেখা এমআরপির চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির কোনো আইনি অনুমোদন নেই। প্যাকেটে যে মূল্য লেখা থাকবে, সেটিই চূড়ান্ত খুচরা মূল্য হিসেবে বিবেচিত হওয়ার কথা। তবে এ বিষয়ে বাজার তদারকির দায়িত্ব জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বলে জানান তিনি। ঢাকা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সাধারণ বাজার তদারকিতে সিগারেটকে নিত্যপণ্যের তালিকায় ধরা হয় না। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ জানিয়েছে, তারা প্যাকেট আকারে খুচরা বিক্রেতাদের কাছে সিগারেট সরবরাহ করে এবং দেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে। তবে প্রতিষ্ঠানটির একজন পরিবেশক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্ধারিত এমআরপিতে সিগারেট কিনতে চাইলে ভোক্তাকে ২০ প্যাকেটের পুরো একটি কার্টন কিনতে হবে। অর্থাৎ সরকার নির্ধারিত খুচরা মূল্য কার্যত পাইকারি পরিমাণে কেনাকাটার ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য ও কর বিশেষজ্ঞদের মতে, শুধু এমআরপি নির্ধারণ করলেই এ সমস্যার সমাধান হবে না। তাদের সুপারিশ হলো—পাইকারি, পরিবেশক ও খুচরা পর্যায়ের জন্য আলাদা বিক্রয়মূল্য নির্ধারণ করা, প্রতি শলাকার সরকারি মূল্য স্পষ্টভাবে নির্ধারণ করা, এক শলাকা বিক্রির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা এবং বাজার তদারকি জোরদার করা। অধ্যাপক শফিউন নাহিন শিমুলের মতে, বর্তমান মূল্য কাঠামো ব্যবসার স্বাভাবিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ এতে খুচরা বিক্রেতাদের জন্য বৈধ মুনাফার কোনো কার্যকর সুযোগ রাখা হয়নি। এর ফলেই নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের একটি অনিয়ন্ত্রিত ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার