আইএমএফ বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তা – বর্ণমালা টেলিভিশন

আইএমএফ বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৫ | ৯:৫৪ 190 ভিউ
চলতি অর্থবছরের মুদ্রানীতি (জুলাই-ডিসেম্বর) প্রণয়নে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে দেশের মানুষ কী চায়, সে বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। আরও জানা যায়, নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে জুলাইয়ের শেষদিকে। এখন থেকে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি শুরু করেছে। প্রস্তুতির অংশ হিসাবে গত মুদ্রানীতির লক্ষ্য ও অর্জনগুলো পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে কতুটুকু ফারাক রয়েছে, কেন লক্ষ্য অর্জিত হয়নি-সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হাতে মে পর্যন্ত তথ্য রয়েছে। চলতি মাসের মাঝামাঝি জুন পর্যন্ত তথ্য চলে আসবে। তখন লক্ষ্য ও অর্জনের মধ্যকার ব্যবধান আরও স্পষ্ট হবে। এছাড়া মুদ্রানীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্টেকহোল্ডারদের (অংশীজন) প্রত্যাশা কী, তা জানতে বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব আলোচনায় স্থবির ব্যবসা-বাণিজ্য সচল করতে ঋণের সুদহার কমানো, টাকার প্রবাহ বাড়িয়ে বেসরকারি খাতে ঋণের জোগান বাড়ানো এবং কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আগামী মুদ্রানীতিতে বিবেচনা করা হবে। সূত্র জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমন করলে বৈশ্বিক মন্দা দেখা দেয়। এ মন্দা ক্রমেই প্রকট হয়। মন্দার কারণে ডলার সংকটে জর্জরিত হয়ে বাংলাদেশের অর্থনীতি একেবারে কাবু হয়ে পড়ে। টাকার মান কমে, পণ্যমূল্য বেড়ে এবং কর্মসংস্থান কমে এর ধকল সাধারণ ভোক্তাপর্যায়ে দারুণভাবে আঘাত করে। এখনো এর ধকল কাটিয়ে ওঠতে পারেনি বাংলাদেশ। জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বলেন, তিন অর্থবছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে। এবার এই মুদ্রানীতি কিছুটা শিথিল করা প্রয়োজন। দেখা যাক, বাংলাদেশ কী করে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির লাগাম টানতে ২০২২-২৩ অর্থবছর থেকে সংকোচনমুখী মুদ্রানীতি গ্রহণ করা হচ্ছে। ২০২৪-২৫ পর্যন্ত টানা তিন অর্থবছর সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে। আইএমএফ-এর চাপে ২০২৩-২৪ অর্থবছর থেকে আরও কঠোর করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বর্তমান সরকার ক্ষমতায় এসে মুদ্রানীতিকে আরও বেশি কঠোর করে। ফলে নীতির সুদহার যেখানে ৪ শতাংশ ছিল, তা বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হয়। ঋণের সুদহার যেখানে ৮ থেকে ৯ শতাংশ ছিল, এখন তা বেড়ে ১২ থেকে ১৮ শতাংশে উঠেছে। এত চড়া সুদ দিয়েও ব্যাংক থেকে অনেকে ঋণ পাচ্ছেন না। কারণ, ব্যাংকে গত সরকারের আমলে লুটপাটের কারণে তারল্য সংকট প্রকট আকার ধারণ করেছে। তারল্য যেটুকু আছে, এর মধ্য থেকে সরকারই সবচেয়ে বেশি ঋণ নিচ্ছে। সরকারকে ঋণ দেওয়ার পর বেসরকারি খাতে ঋণ দেওয়ার মতো তারল্য খুব কমই আছে। ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ তলানিতে নেমেছে। সদ্য বিদায়ি অর্থবছরের বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ। জুলাই থেকে মে পর্যন্ত বেড়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ১২ শতাংশ, যা এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে অর্ধেকের সামান্য বেশি। তবে জুনে প্রবৃদ্ধি আরও বাড়বে। গত অর্থবছরের একই সময়ে তা বেড়েছিল ৭ দশমিক ১৯ শতাংশ। সংকোচনমুখী মুদ্রানীতির কারণে একদিকে ঋণের সুদহার বেড়েছ, অন্যদিকে বাজারে টাকার প্রবাহ বাড়েনি। ফলে ব্যাংকে তারল্যের জোগান বাড়েনি। এতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে। ফলে কর্মসংস্থান বাড়েনি, উলটো আরও কমেছে। টানা তিন বছর সংকোচনমুখী মুদ্রানীতির কারণে উৎপাদন খাতে যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, তেমনই কর্মসংস্থানের হার হ্রাস পেয়েছে। গত বছরের যে ছাত্র আন্দোলন পরিচিত পেয়েছে কোটাবিরোধী আন্দোলন হিসাবে, এর নেপথ্যে ছিল অর্থনৈতিক সংকট। কয়েক বছর ধরে লুটপাটের কারণে দেশ থেকে টাকা পাচার হয়েছে। ফলে দেশে শিল্প গড়ে ওঠেনি। নতুন নতুন কর্মসংস্থান বাড়েনি। এতে শ্রমবাজারে যারা আসছে, তাদের সরকারি চাকরি ছাড়া কোনো বিকল্প ছিল না। চাঁদাবাজি ও দুর্নীতির কারণে নতুন ব্যবসার দুয়ারও ছিল একরকম বন্ধ। কোটার কারণে মেধাবীরা সরকারি চাকরিতে ঢুকতে পারছিল না। ফলে বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন। সে আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত বছরের ৫ আগস্ট। এক বছর হতে চলেছে, এখনো কর্মসংস্থানের গতি বাড়ানো যায়নি। রাজনৈতিক অস্থিরতা, চড়া সুদহার এবং বিনিয়োগ পরিবেশ না থাকায় কর্মসংস্থান বাড়ছে না। এদিকে আইএমএফ ঋণের শর্ত হিসাবে মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতিকে ব্যবহার করার চাপ দিচ্ছে। কিন্তু বাংলাদেশে এককভাবে মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়-এটি মানতে নারাজ। কারণ, তারা অন্যান্য দেশের উদাহরণ দিচ্ছে। অনেক দেশ মুদ্রানীতি ব্যবহার করে মূল্যস্ফীতি কমাতে সক্ষম হয়েছে। ফলে বাংলাদেশও পারবে। কিন্তু এটাও মানছে না যে, অন্য দেশের অবস্থা আর বাংলাদেশের অবস্থা এক নয়। অন্য দেশে মুদ্রানীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে সেটি সম্ভব নয়। আইএমএফ চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের সময়ও বলেছে, মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে না আসা পর্যন্ত সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করতে হবে। সন্তোষজনক বলতে বোঝানো হচ্ছে, ৫ থেকে ৬ শতাংশ মূল্যস্ফীতির হার। গত বছরের জুলাইয়েই এ হার বেড়ে সর্বোচ্চ ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছিল। বর্তমান সরকারের সময়ে ডলারের দাম স্থিতিশীল থাকা, কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় সরকারের ঋণের জোগান দেওয়া বন্ধ করা এবং পণ্যমূল্য কমানোর ফলে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। গত মে মাসে এ হার কমে ৯ দশমিক ০৫ শতাংশে নামে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়ায় ৮ দশমিক ৫৯ শতাংশ। গত জুলাইয়ে এ হার ১৪ দশমিক ১০ শতাংশ উঠেছিল। জুনে মূল্যস্ফীতির হার আরও কিছুটা কমবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। সেপ্টেম্বরের মধ্যে এ হার ৬ শতাংশের মধ্যে নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক এখন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা কর্মসংস্থানের দিকে সবচেয়ে নজর দিতে চায়। ফলে মুদ্রানীতিতে আগের কঠোরতা আর রাখতে চাচ্ছে না। কিছুটা শিথিল করতে চায়। এজন্য কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের জোগান বাড়াতে চায়। এ লক্ষ্যে এসব খাতে কম সুদে ঋণের জোগান দিতে চায়। ইতোমধ্যে এনজিও লিংকেজ ঋণ কর্মসূচি চালু করা হয়েছে। পিকেএসএফ-এর মাধ্যমে এসব খাতে ঋণের জোগান বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে যেসব তহবিল রয়েছে, সেগুলো থেকেও ঋণের জোগান বাড়ানো হবে। কারণ, এগুলোর সুদহার তুলনামূলকভাবে অনেক কম। ব্যাংকগুলোকে বাধ্য করা হবে এসব তহবিল থেকে উদ্যোক্তাদের ঋণ দিতে। চলতি বাজেটে অনেক খাতে কর সুবিধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এসব খাতে ঋণের জোগান বাড়াবে। এছাড়া বড় শিল্প ও রপ্তানি খাতকেও চাঙা করা হবে, যাতে কর্মসংস্থানের হার বাড়ে। এছাড়া বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা অব্যাহত রয়েছে। মুদ্রানীতিতেও সে সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমেও কর্মসংস্থান বাড়ানো হবে। সরকারি খাতের যেসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেগুলো চালু করা হবে। যেগুলো সম্প্রসারণ করার সুযোগ আছে, সেগুলোর কলেবর বাড়ানো হবে। এভাবে সরকারি খাতেও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নতুন সরকারের সময়ে মুদ্রানীতির মূল লক্ষ্য ছিল ডলার বাজার স্থিতিশীল করা। সেটি অর্জিত হয়েছে। ফলে এখন একটু ঝুঁকি নিয়ে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিতে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে আইএমএফ আপত্তি করলে সেটি উপেক্ষা করা হবে। বৃহস্পতিবার মুদ্রানীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক রাজশাহীতে মতবিনিময় করেছে। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় অর্থনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মী ও এনজিও প্রতিনিধিরা। তারা এক বাক্যে সুদের হার কমানোর মত দিয়েছেন। এরপর সিলেটেও মতবিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ঢাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি, অর্থনীতিবিদ ও অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করবে। তাদের মতামতের ভিত্তিতে মুদ্রানীতির খসড়া প্রণীত হবে। কারণ, এবার কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ-এর মতামতকে নয়, সবচেয়ে বেশি গুরুত্ব দেবে দেশের মানুষ কী চায় তার ওপর। এদিকে আইএমএফ-এর রাজস্ব খাত সংস্কারের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকার তীব্র প্রতিরোধের মুখে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মুদ্রানীতিতে একই ধারা রাখলে ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের ওপর খেপে যেতে পারে-এমন আশঙ্কাও করা হচ্ছে। কারণ, ইতোমধ্যে সুদের হার কমানোর জোর দাবি তুলেছেন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার