এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির – বর্ণমালা টেলিভিশন

এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ | ৪:৫৯ 61 ভিউ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছে সরকারি ও বেসরকারি খাতের একাধিক প্রতিষ্ঠান। একই সঙ্গে এলপিজি মজুদ ও বোতলজাতকরণ খরচ এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাবও এসেছে। এসব প্রস্তাবের ওপর আগামী ২৯শে অক্টোবর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে প্রস্তাবগুলো অনুমোদন পেলে এলপিজির দাম ও বাজারজাতকরণ ব্যয় আরও বাড়তে পারে। বিইআরসির বুধবারের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯শে অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এ শুনানি অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত দিতে এবং শুনানিতে অংশ নিতে আগামী ২৭শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) সরকারি এলপিজির বর্তমান দাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বেসরকারি খাতের কয়েকটি মজুদ ও বোতলজাতকারী প্রতিষ্ঠান এলপিজির দাম, মজুদ ও বোতলজাতকরণ খরচ এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন পরিবর্তনের প্রস্তাব করেছে। কয়েকটি পরিবেশক প্রতিষ্ঠানও কমিশন বাড়ানোর জন্য পৃথক প্রস্তাব জমা দিয়েছে। গণশুনানিতে এসব প্রস্তাবের যৌক্তিকতা, সংশ্লিষ্ট ব্যয় ও কমিশনের হিসাব পর্যালোচনা করা হবে। নিবন্ধিত অংশগ্রহণকারীরা এ বিষয়ে তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথি উপস্থাপনের সুযোগ পাবেন। তবে প্রস্তাবগুলোর বিপরীতে কমিশন কী সিদ্ধান্ত নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এরই মধ্যে চলতি মাসে বেসরকারি এলপিজির দাম এক দফা বেড়েছে। গত ৪ঠা অক্টোবর ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে সেপ্টেম্বরে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অন্যদিকে সরকারি সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৭৭৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দাম বাড়লেও বাজারে সেই দামে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে। এরমধ্যে নতুন করে দাম ও কমিশন বাড়ানোর প্রস্তাব সামনে আসায় ভোক্তাদের ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোর ওপর এর প্রভাব পড়তে পারে। এদিকে, কমিশন বাড়ানোর দাবিতে আগামী ১৫ ও ১৬ই অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রয় প্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচি দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। তবে বুধবার বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করে সংগঠনটি। সমিতির ভাষ্য অনুযায়ী, ব্যবসায়ীদের দাবি পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে গণশুনানি আয়োজনের আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১২ই এপ্রিল প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। পরে বেসরকারি এলপিজির ক্ষেত্রে সৌদি আরামকোর ঘোষিত মাসিক চুক্তিমূল্যের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের প্রথম সপ্তাহে দাম নির্ধারণের ব্যবস্থা চালু হয়। নতুন গণশুনানিতে দাম ও কমিশনসংক্রান্ত প্রস্তাবগুলোর বিষয়ে কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এলপিজির পরবর্তী মূল্য পরিস্থিতি। ৭ মাসে মূল্যবৃদ্ধি ৩৫%: এলপিজি সিন্ডিকেটের কাছে কি সরকার জিম্মি নাকি গোপন সমঝোতা? রান্নার জ্বালানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ব্যবসায়ীদের কাছে সরকার কার্যত জিম্মি হয়ে পড়েছে। তাদের চাপেই বর্তমান সরকারের সাড়ে সাত মাসে এই অত্যাবশ্যকীয় জ্বালানির দাম বেড়েছে ৩৫ শতাংশ। তারপরও ক্রেতাদের সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। দফায় দফায় দাম বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৩৭ টাকা ঠিক করা হলেও দেশের কোথাও এই দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ১,৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি করছেন ২,২০০ থেকে ২,৩০০ টাকায়। ফলে ভোক্তার খরচ প্রতিদিনই বাড়ছে। আর এ কারণেই নাভিশ্বাস চরমে পৌঁছে যাওয়া ভোক্তাদের অভিযোগ, সরকারের একটি অংশ এলপিজি কোম্পানিগুলোর সাথে সমঝোতার মাধ্যমে অতিরিক্ত অর্থ কেটে নিচ্ছে জনগণের পকেট থেকে। নইলে এই সিন্ডিকেট ভাঙা দূরে থাক, সিন্ডিকেটের কথা স্বীকার পর্যন্ত করছে না সরকার। বাজার ঘুরে সাধারণ ভোক্তাদের এমন প্রতিক্রিয়া মিলেছে। এলপিজির গ্রাহক দেশে এক কোটির বেশি। পাইপলাইনে গ্যাস সরবরাহে সংকট থাকায় অনেককে বাধ্য হয়েই এলপিজির ওপর নির্ভর করতে হচ্ছে। তাই বাড়তি দামের চাপ সামলাতে হচ্ছে তাদেরই। বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। সংশ্লিষ্ট সংস্থাগুলো বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, এটাই এর কারণ। এলপিজি আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সক্ষমতা দেখাতে পারছে না, এমন অভিযোগও আছে। বেসরকারি আমদানিকারকরা যেখানে প্রায় ২০০ ডলারে এলপিজি আনছেন, সেখানে বিপিসির জন্য চাওয়া হচ্ছে ২৭০ ডলার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে দেখা গেছে, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও এলপিজি মিলছে না। খুচরা বিক্রেতাদের বক্তব্য, চাহিদা অনুযায়ী গ্যাস তারা কিনতে পারছেন না, কারণ কোম্পানিগুলো ঠিকমতো সরবরাহ দিচ্ছে না। তাই বিকল্প পথে বাড়তি দামে সিলিন্ডার কিনে সামান্য লাভ রেখে তারা সেগুলো বাড়তি দামেই বিক্রি করছেন।এ খুচরা বিক্রেতাদের এই অভিযোগ মানছেন না পাইকারি বিক্রেতারা। তাদের ভাষ্য, খুচরা বিক্রেতাদের হাতে আগে থেকেই গ্যাস মজুদ থাকায় পিলার পয়েন্ট থেকে নতুন করে গ্যাস তুলতে তারা আগ্রহ দেখাচ্ছেন না। ডিলার ও ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, চাহিদামতো সিলিন্ডার দিচ্ছেন না অপারেটররা। এ নিয়ে অপারেটর, ডিস্ট্রিবিউটর ও ডিলারদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও প্রকাশ্যে মুখ খুলতে কেউ রাজি নন। খুচরা বিক্রেতারা এর কারণ ব্যাখ্যা করে বলছেন, বড়দের বিরুদ্ধে কথা বললে বর্তমানে যে সরবরাহ পাওয়া যাচ্ছে, সেটুকুও বন্ধ হয়ে যাবে। তাদের অভিযোগ, আমদানি ও মজুদ থাকা সত্ত্বেও প্ল্যান্ট থেকে সরবরাহ সীমিত রাখা হচ্ছে। ফলে ডিস্ট্রিবিউটররা প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না, আর তার প্রভাব গিয়ে পড়ছে খুচরা বাজারে। অপারেটরদের দাবি, দেশে এলপিজি পর্যাপ্তই আছে। তাদের মতে, সরবরাহ কমে যাওয়ার সুযোগে ডিস্ট্রিবিউটর, ডিলার ও খুচরা বিক্রেতাদের একাংশ সিলিন্ডার মজুদ করে বেশি দামে বিক্রি করছেন। সমস্যাটি খুচরা পর্যায়ের বিক্রেতাদের কারণেও তৈরি হয়ে থাকতে পারে। বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের (লোয়াব) সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, কোনো অপারেটর বেশি দামে বিক্রি করছে—এমন প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর নজরদারি চালাক। জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলমের দাবি, বিইআরসি ব্যবসায়ীদের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, ২০২১ সালের আগে ব্যবসায়ীরা ইচ্ছামতো দামে এলপিজি বিক্রি করতেন। আদালতের আদেশে দাম ঠিক করার ক্ষমতা পায় বিইআরসি। কিন্তু ব্যবসায়ীদের চাপে তারা আশপাশের দেশগুলোর চেয়ে বেশি দাম নির্ধারণ করে দেয়, তারপরও সেটা কার্যকর করতে পারে না। সাত মাসে দাম বেড়েছে ৩৫ শতাংশ চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমানের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় এলপিজির প্রতি কেজির দাম ছিল ১১৩ টাকা, আর ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৫৬ টাকা। সাড়ে সাত মাস পর গত ৪ঠা অক্টোবর প্রতি কেজির দাম ঠিক করা হয় ১৫৩ টাকা, ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ১,৮৩৭ টাকায়। মাঝের সময়ে দুই দফা কয়েক টাকা কমলেও সার্বিকভাবে এই সরকারের সাড়ে সাত মাসে এলপিজির দাম বেড়েছে ৩৫ শতাংশ। বাড়তি দামেও ক্রেতারা এলপিজি কিনতে পারছেন না বলে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বিইআরসি ২০২১ সালের এপ্রিলে প্রথমবার ১২ কেজির সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করেছিল। তারেক রহমানের শাসনামলে চলতি বছরের এপ্রিলে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়িয়ে দাম করা হয় ১,৯৪০ টাকা। জুনে কমানো হয় ৫৫ টাকা, জুলাইয়ে ৩৫৭ টাকা। আগস্টে ফের ৭০ টাকা বাড়িয়ে দাম ঠিক করা হয় ১,৫৯৮ টাকা। সেপ্টেম্বরে আরো ১৩ টাকা কমিয়ে তা নির্ধারণ করা হয় ১,৫৮৫ টাকায়। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে এলপিজির দাম এখন সবচেয়ে বেশি বাংলাদেশে। দেশে প্রতি কেজির দাম ১৫৩ টাকা ঠিক করা হলেও ভারতে এর ভর্তুকিমূল্য বাংলাদেশি টাকায় ৮৭, আর ভর্তুকি ছাড়া ১০৮ টাকা। পাকিস্তানে দাম ১২৪.১৬, নেপালে ১১৫.৩৫ এবং শ্রীলঙ্কায় ১১৬ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর তথ্য বলছে, ভর্তুকি বাদ দিলেও দেশটিতে ১২ কেজি সিলিন্ডারের দাম থাকে ১,৩০০ টাকার আশপাশে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৪,৯৬৫ রুপি, অর্থাৎ ১,৪০০ টাকা। পাকিস্তানে প্রতি কেজির দাম ২৭৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২ কেজির সিলিন্ডারের দাম সেখানে দেড় হাজার টাকার কিছু কম। পাকিস্তানে নির্ধারিত দামের চেয়ে কিছুটা বেশিতে এলপি গ্যাস বিক্রির অভিযোগ থাকলেও ভারত, শ্রীলঙ্কা ও নেপালে মোটামুটি সরকার নির্ধারিত দামেই বিক্রি হয় বলে জানা গেছে। নির্দিষ্ট কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে ৬৮ ভাগ বাজার, গোয়েন্দা তথ্যে মিলল কারসাজির প্রমাণ বিইআরসির তথ্য অনুযায়ী, দেশে বছরে এলপিজি ব্যবহৃত হয় অন্তত দেড় লাখ টন। এর ৮০ শতাংশ যায় রান্নায়, ১২ শতাংশ শিল্পে, আর ৮ শতাংশ গাড়ির জ্বালানি অটোগ্যাস হিসেবে। এলপিজির ৯৮-৯৯ ভাগ বাজার বেসরকারি উদ্যোক্তাদের দখলে। আগস্টে দেশে আমদানি হয় এক লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি। সেপ্টেম্বরে এসেছে দেড় লাখ টনের বেশি। দেশে মোট ২৯টি এলপিজি কোম্পানি চালু থাকলেও সেপ্টেম্বরে আমদানি করেছে কেবল ১০টি। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করেছে ইউনাইটেড আইগ্যাস। সরকারের জ্বালানি বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট এলপিজি বাজারের ৬৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র চারটি কোম্পানি—ওমেরা, পেট্রোমেক্স, মেঘনা ও যমুনা। এ ছাড়া বিএম এনার্জির দখলে বাজারের ৮ শতাংশ, ইউনাইটেড আইগ্যাসের ৭ শতাংশ, ডেল্টার ৪ শতাংশ, আর জেএমআই ও প্রিমিয়াম এলপিজির ৩ শতাংশ করে। শ্লেষকদের ভাষ্য, পুরো বাজার হাতে গোনা কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে থাকায় বাজারের ওপর যেকোনো ধরনের নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার তাদের পক্ষে সম্ভব হচ্ছে। এলপি গ্যাস নিয়ে গ্রাহকদের সীমাহীন ভোগান্তির মধ্যেই সামনে এসেছে ব্যবসায়ীদের কারসাজির বিষয়টি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি প্রতিবেদনে বলা হয়, চলমান কারসাজির সঙ্গে কিছু বড় কোম্পানি জড়িত থাকতে পারে। সরবরাহ আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর সুযোগ তৈরি করা হয়ে থাকতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই প্রতিবেদনে সন্দেহের তালিকায় নাম এসেছে পাঁচটি প্রতিষ্ঠানের—আইগ্যাস, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি, ওমেরা ও যমুনা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলপিজির আমদানি, মজুদ ও বাজারে সরবরাহের গোটা প্রক্রিয়া খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। বিপিসির অদক্ষতা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সরকারিভাবে এলপিজি আমদানি বাড়ানোর ওপর জোর দেওয়া হলেও এ ক্ষেত্রে চরম অদক্ষতার পরিচয় দিয়েছে বিপিসি। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বারবার তাগিদ আসা সত্ত্বেও গত সাড়ে সাত মাসে সংস্থাটি এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি। বিপিসি কর্মকর্তারা জানান, পাঁচ দফা দরপত্র ডাকা হলেও সরবরাহকারী পাওয়া যায়নি। বিশেষ করে আন্তর্জাতিক বাজারের চেয়ে সরবরাহকারীরা অতিরিক্ত জাহাজ ভাড়া চাওয়ায় সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি বলে তারা জানান। অনুসন্ধানে দেখা যায়, বেসরকারি আমদানিকারকরা নিজেদের জন্য প্রতি টন এলপিজি ২০০ ডলার জাহাজ ভাড়ায় আনলেও বিপিসির জন্য সরবরাহ করতে হলে ২৭০ ডলারের নিচে নামতে চায় না সরবরাহকারীরা। অভিজ্ঞদের মতে, এর কারণ সরকারি প্রতিষ্ঠানে সরবরাহের ক্ষেত্রে নানা ‘লুকায়িত ব্যয়’। মজুদ বাড়ানোর উদ্যোগ বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার পাশাপাশি দেশে এলপিজি সংকটের অন্যতম প্রধান কারণ সরকারি কোম্পানির দুর্বলতা। বাজার নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি বিপিসির আওতাধীন এলপিজি গ্যাস লিমিটেড নামে একটি কোম্পানিও রয়েছে। তবে দেশের মোট চাহিদার ২ শতাংশেরও কম বাজার হিস্যা এই কোম্পানির। এর প্রধান কারণ, কোম্পানিটির মজুদ করার সক্ষমতা তেমন নেই। আশার কথা হলো, সমস্যা মেটাতে নতুন কিছু উদ্যোগ নিয়েছে সরকার। বাগেরহাটের মোংলায় ৬.৩৭ একর জমিতে ৮,২০০ টন এলপিজি মজুদের ট্যাংক নির্মাণের প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের কালিহাতী ও রাজাবাড়ীতে ৬.৯১ একর এলাকায় মজুদ ও বটলিং প্ল্যান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের এশিয়া ফাউন্ডেশনের প্রকল্পে ৯০ হাজার উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: তিতুমীর শ্রমিক আন্দোলন দমনে কঠোর অবস্থানে সরকারঃ পুলিশ ও দলীয়কর্মী ছাড়াও ২৫ প্লাটুন যৌথ বাহিনী মোতায়েন জাতীয়ভাবে উপেক্ষিত জেলহত্যা দিবস, সিলেটে নিষেধাজ্ঞা, মব-গ্রেফতার হুমকির মাথায় নিয়েই আওয়ামী লীগের জাতীয় নেতাদের স্মরণ জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে? বাপে মারছে সৈনিক, মায়ে মারছে কৃষক, পোলায় মারছে শ্রমিক’—এমন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবারও এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। আজ বুধবার সকালেও গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে নতুন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোয় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজীপুরে হামলায় গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক হোসেন। সোমবার গাজীপুরের জয়দেবপুরের বাহাদুরপুর এলাকায় নোমান টেরি টাওয়েল মিলসের সামনে সংঘর্ষের দৃশ্য মুঠোফোনে ধারণ করার সময় হামলার শিকার হন তিনি। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি গাজীপুরের লায়লা স্টাইল লিমিটেডের শ্রমিক ছিলেন। এ ঘটনায় তাঁর মৃত্যুর পর গাজীপুরের বাংলাবাজার এলাকার কয়েকটি কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে প্রচলিত ন্যূনতম মজুরিতে সংসার চালানো সম্ভব হচ্ছে না। বাড়িভাড়া, খাবার, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটাতে গিয়ে প্রতিনিয়ত সংকটে পড়তে হচ্ছে তাঁদের। এ অবস্থায় মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি, শ্রমিকদের ওপর হামলা এবং আন্দোলনে অংশ নেওয়ায় চাকরিচ্যুতির অভিযোগেরও প্রতিকার চাইছেন শ্রমিকরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড, বাংলাবাজার ও মির্জাপুর এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরিয়ে দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর, সালনা, রাজেন্দ্রপুর ও শফিপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাংলাবাজার ও কাশিমপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে ছিল। গাজীপুরের বোর্ডবাজারের বড়বাড়ী এলাকাতেও সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে তৌফিক হোসেনের মৃত্যুর পর বাংলাবাজার এলাকার কয়েকটি কারখানায় বুধবারও ছুটি ঘোষণা করা হয়। তবে কতটি কারখানা বন্ধ ছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাভারের হেমায়েতপুরেও আজ সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শ্রমিকদের অবরোধের কারণে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এর আগে গতকাল মঙ্গলবার হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। দুপুর থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলা অবরোধে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায়ও আজ বুধবার নতুন করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হন কয়েকটি কারখানার শ্রমিক। তাঁরা মূল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের ওপর হামলা চালান। অন্যদিকে পুলিশের দাবি, সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে স্থানীয় একটি হোসিয়ারি কারখানার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। রাজধানীর মিরপুরেও গতকাল মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হন। পরে কালশী সড়কে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের কারণে মেট্রোরেল চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে। নিরাপত্তার কারণে মিরপুর-১০ স্টেশনে প্রায় দুই ঘণ্টা ট্রেন থামানো বন্ধ রাখা হয়। আজ বুধবার মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুরের বিভিন্ন এলাকায় ১০ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের দাবি, বুধবার শ্রমিকদের সড়কে নামার সুযোগ হয়নি এবং অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দৈনিক বাংলার প্রকাশিত বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ৩০৬টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে ৬ লাখ ৯৪ হাজার ৭৯৩ শ্রমিকের কাজ ব্যাহত হয়। এর আগে ১ নভেম্বর ৫২৯টি কারখানা বন্ধ হয়েছিল এবং কর্মস্থল ছেড়েছিলেন ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক। অর্থাৎ আন্দোলনের প্রভাবে একাধিক শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বুধবার সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও শিল্পাঞ্চলে টহল দিচ্ছেন। এদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। ছয় সদস্যের এ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ আজাদ সোবহানি। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন এ বি এম সামসুদ্দিন ও আসিব আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাবুল আক্তার ও আনোয়ার হোসেন। শ্রমিকদের প্রত্যাশা, নতুন মজুরি বোর্ড দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে। তবে বোর্ড গঠনের পরও আন্দোলন থামেনি; বরং রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। ফলে শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে উৎপাদন, সরবরাহ ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। একদিকে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরির দাবিতে শ্রমিকদের ক্ষোভ, অন্যদিকে কারখানার উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখার চাপ—সব মিলিয়ে তৈরি পোশাক খাতের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরীঃ ২৭ মাস সমঝোতা করেও শেষ রক্ষা হলোনা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টার