উন্নয়নের তারকা নয় বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

উন্নয়নের তারকা নয় বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ November, ২০২৬ | ৬:৪৪ 6 ভিউ

ঢাকার একটি ক্যাফের মালিক গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলতে পারছেন না। তিনি জানান, ‘যতবার ব্যাংকে গেছি, কোনো উত্তর পাইনি।’ তাঁকে কেবল ব্যাংকে ‘নগদ টাকার সংকট’ থাকার কথা জানানো হয়েছে। এই সমস্যা কেবল তাঁর একার নয়, অন্তত ছয়টি প্রতিষ্ঠানের আমানতকারীরা জানিয়েছেন যে, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের মতো জরুরি প্রয়োজনেও তাঁরা নিজেদের জমানো টাকা হাতে পাচ্ছেন না।

বিজ্ঞাপন

বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ বর্তমানে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর প্রধান কারণ হিসেবে শেখ হাসিনা ওয়াজেদের ১৫ বছরের স্বৈরশাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাটকে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত দীর্ঘ সময় ধরে দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ জমেছে। ব্যাংকের নীতিনির্ধারকরা নিজেরাই ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, যাঁদের মধ্যে অনেক ধনকুবের এখন কারাগারে অথবা দেশ ছেড়ে পালিয়েছেন।

বর্তমানে দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি। অথচ ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। এই পরিস্থিতির কারণে পুরো খাত কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাইয়ের সূচক ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত বর্তমানে বাংলাদেশে ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ।

এই সংকট বাংলাদেশের অর্থনীতির এক বড় বৈপরীত্যের ইঙ্গিত দেয়, যেখানে অর্থনৈতিক অগ্রগতি হলেও রাজনীতির অবস্থা নাজুক। ১৮ কোটি মানুষের এই দেশে ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে অভিহিত করেছিল। দেশটি দরিদ্র ও বন্যাপ্রবণ থাকলেও পরবর্তীতে উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য দেখিয়েছিল। দুর্বল শাসনব্যবস্থা ও ত্রুটিপূর্ণ গণতন্ত্রের মধ্য দিয়ে চললেও দ্রুত প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে দেশটি এগিয়ে ছিল।

নবনির্বাচিত সরকার এখন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টায় রয়েছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির নির্বাচনের পর একটি অন্তর্বর্তী সরকারের জায়গায় ক্ষমতায় এসেছে। বর্তমানে ব্যাংকিং খাতের সংকট এবং পোশাকশিল্পের ধর্মঘট—উভয় দিক থেকেই বিএনপি সরকার অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। পোশাকশিল্প বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত এবং দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন এমন সংবাদের পর রাজধানীতে ৫০টির বেশি হাতে তৈরি বোমা বিস্ফোরিত হয়েছে। সরকারের দাবি, এই ঘটনার পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে। শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে চাপ সৃষ্টির চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। রক্তাক্ত দমন-পীড়নের অভিযোগে অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ড হয়েছে, তবে তিনি ফিরে এলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।

ব্যাংকিং খাত অর্থনীতি ও রাজনীতির যোগসূত্র হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের জন্য ব্যাংক লুটপাট নিয়ে প্রতিবেদন তৈরি করা দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ব্যাংক লুটপাটের যে চোরতান্ত্রিক ধারা ছিল, এখন আমরা সেই উত্তরাধিকার সামলাচ্ছি।’ বিশেষ করে ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের এই ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল।

দেশের অন্যতম বড় ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক আগে আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীতে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে এস আলম নামে একটি ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রণে ব্যাংকটি নিয়ে আসা হয়। এস আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। গোষ্ঠীটির মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় অর্ধেকই এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়েছিল।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদকে জনসমক্ষে দেখা যায়নি। জামায়াতে ইসলামীর দাবি, ব্যাংকটির বিরুদ্ধে আগের অভিযোগগুলো সাজানো ছিল এবং আওয়ামী লীগের পছন্দের লোকদের হাতে নিয়ন্ত্রণ তুলে দিতেই তা করা হয়েছিল। তবে মাসুদ কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

খেলাপি ঋণ বাড়ার পেছনে স্বচ্ছতার অভাবও বড় ভূমিকা রেখেছে। ২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল টাকার ২ শতাংশ পরিশোধের সুযোগ দেয়। এতে তাঁরা এক বছর কিস্তি না দিয়ে স্থগিত রাখার সুযোগ পান এবং পুরো ঋণ শোধের জন্য ১০ বছর সময় পান। এই ২ শতাংশ পরিশোধ করলেই ঋণ আর খেলাপি হিসেবে গণ্য হতো না।

২০২০ সালে আইএমএফ সতর্ক করেছিল যে, তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ১০ শতাংশ থাকলেও প্রকৃত হার এর দ্বিগুণ হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে সংজ্ঞার পরিবর্তন করা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো ঋণের কিস্তি ৯০ দিন বকেয়া থাকলেই তা খেলাপি হিসেবে গণ্য হয়। এই নতুন সংজ্ঞার ফলে এখন খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩৩ শতাংশ।

ব্যাংকিং সংকট বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২০২৫ সালের ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ দেখানো হতো, যদিও অন্তর্বর্তী সরকার বলছে আগের এই হিসাব অতিরঞ্জিত ছিল।

আর্থিক সংকটই প্রবৃদ্ধি কমার একমাত্র কারণ নয়। ইরান যুদ্ধের শুরুর দিকের মাসগুলোতে জ্বালানির ঘাটতিতে কারখানা বন্ধ হয়েছিল এবং বর্তমানে ধর্মঘট চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার