চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের – বর্ণমালা টেলিভিশন

চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৬ | ৮:২২ 16 ভিউ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তার আইনজীবী সালমান সফদরের প্রকাশিত এক চিঠিতে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান লিখেছেন, "৭৪ বছর বয়সে এ নির্মম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবো না।" তিনি জানান, তার এবং তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

বিজ্ঞাপন

তবে দেশটির সরকার বলছে, ইমরান খানকে প্রতি সপ্তাহে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন এবং তাদের মতে তার শারীরিক অবস্থা 'সন্তোষজনক'। ইমরান খানের বিরুদ্ধে একশরও বেশি মামলা রয়েছে। ২০২৩ সালের অগাস্ট থেকে তিনি কারাগারে আছেন এবং গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও তার সঙ্গে কারাবন্দি করা হয়। ইমরান খানের দাবি, দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ তাদের বিরুদ্ধে করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

চিঠিতে ইমরান খান আরও লিখেছেন, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন যে তিনি "মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন" এবং তার হৃদপিণ্ড ইতিমধ্যে "ক্ষতিগ্রস্ত" হয়েছে। স্ত্রী বুশরা বিবিকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মি. খানের দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছিল এবং পরে গোপনে তার অস্ত্রোপচার করা হয়। পাকিস্তানের এই রাজনীতিবিদ আশঙ্কা করছেন, আবার অস্ত্রোপচার করা না হলে বুশরা বিবি হয়তো চিরতরে তার দৃষ্টিশক্তি হারাতে পারেন।

চিঠিতে মি. খান লিখেছেন, "আমি অসংখ্য মামলায় অসম্ভব সব আইনি লড়াই করেছি এবং আমি থেমে যাইনি। কিন্তু রাষ্ট্র আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।" তিনি জানান, তাকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে এবং পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি বই পড়া বা টেলিভিশন দেখারও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, যা তার মানসিক স্বাস্থ্যের ওপর "মারাত্মক প্রভাব" ফেলেছে। গত এক বছরে নিজের আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেছেন মি. খান। তিনি লিখেছেন, "আমি বেঁচে থাকলেই শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো।"

পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী ইমরান খানের এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, "কারাগারে ইমরান খানকে নিজের পছন্দমতো খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধাই দেওয়া হচ্ছে।" মন্ত্রী মি. চৌধুরী সাংবাদিকদের দাবি করেন, বর্তমানে তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া কারাবন্দি।

বিজ্ঞাপন

পাকিস্তান সরকার জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখের ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা "ক্লিনিক্যালি স্টেবল" বা স্থিতিশীল বলে জানিয়েছেন। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা পিমস হাসপাতালে এই চিকিৎসা সম্পন্ন হয়েছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ১০ ও ১১ই নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাকে পিমসে নেওয়া হয়।

পিমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছিল, চক্ষু বিশেষজ্ঞের নির্দেশনায় ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়, রোগীর সম্মতিতে সতর্কতামূলক ব্যবস্থা ও যথাযথ চিকিৎসা প্রোটোকল অনুসরণের পর চক্ষু বিশেষজ্ঞদের একটি দল মি. খানের চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

২০২৩ সালের মে মাসে মি. খানের গ্রেফতারকে কেন্দ্র করে তার সমর্থকরা দেশজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ চালায়। সে সময় বিক্ষোভকারীরা লাহোরে একজন কোর কমান্ডার বা সেনা কর্মকর্তার বাসভবনে ব্যাপক ভাঙচুর করে। তারা সেখানকার ঝাড়বাতি ভেঙে ফেলে, আসবাবপত্র, পেইন্টিংস এমনকি ময়ূরসহ আরও অনেক কিছু লুটপাট করে নিয়ে যায়। ওই বিক্ষোভে অন্তত আটজন নিহত হন এবং সহিংসতা দমনের জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হয়।

কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান এখনও একটি বড় প্রভাব বিস্তার করে আছেন। তার মুক্তির দাবিতে অক্টোবরের শুরুর দিকে হাজার হাজার সমর্থক বেশ কয়েকদিন ধরে রাজপথে বিক্ষোভ করেন। সরকার এ বিক্ষোভ দমন করতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেয় এবং ইমরান খানের দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়করা ইমরান খানকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার অনুরোধ জানিয়ে বেশ কয়েকটি আবেদন করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন