নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর

২৮ November, ২০২৬ | ৭:১৬ AM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে গত বৃহস্পতিবার দিয়াগত রাত আড়াইটার দিকে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা গাড়িটি থামানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে পিছু নিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞাপন ভুক্তভোগীর ঘনিষ্ঠজন ও নেত্রকোনা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক প্রার্থী মাওলানা আবদুল কাইয়ুম জানান, মাহফিল শেষে একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় বাড়ির দিকে যাওয়ার পথে লাঠি হাতে কয়েকজন গাড়িটি থামানোর চেষ্টা করেন। ডাকাত সন্দেহে ওয়াসেক বিল্লাহ নোমানী গাড়ি না থামিয়ে দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেন। একপর্যায়ে হামলাকারীরা মোটরসাইকেলে পিছু নিয়ে গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, ওয়াসেক বিল্লাহ নোমানী আতঙ্কিত হয়ে ‘ডাকাত ডাকাত’ বলে সাহায্য চাইছেন। তিনি বলেন, ‘আমাদেরকে বাঁচান। ভাই, ডাকাত ডাকাত! আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি হেফাজত করো। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও।’ এ বিষয়ে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক জানান, আওয়ামী লীগের লোকজন এলাকায় ঢুকে নাশকতা করতে পারে এমন আশঙ্কায় তাঁদের কর্মীরা পাহারায় ছিলেন। তিনি বলেন, ‘গাড়িটি যাওয়ার সময় আমাদের লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এতে আমাদের লোকজনের ধারণা হয়, হয়তো গাড়িতে ফ্যাসিস্টের লোকজন রয়েছেন। এ কারণে তাঁরা গাড়িটির পিছু নিয়েছিলেন। অন্যদিকে নোমানী ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। তিনি গাড়ি থামালে এমনটা হতো না। এ ঘটনার জন্য আমরা তাঁকে সরি বলেছি। এটি একটি ভুল-বোঝাবুঝি ছিল।’ নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, বিষয়টি একটি ভুল বোঝাবুঝি। তিনি বলেন, ‘এটা ভুল-বোঝাবুঝি ছিল। এটা কোনো ডাকাতির ঘটনা নয়। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি বিএনপি নেতৃবৃন্দকে জানানো হয়েছে।’ এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ওয়াসেক বিল্লাহ নোমানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।