ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

২৪ November, ২০২৬ | ৬:৫০ PM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

­

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের সময়সীমা বাড়িয়ে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনায় ফ্লাইট চলাচল আগের সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর প্রভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সরাসরি ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট ফ্লাইটগুলোও ব্যাহত হয়েছে।