মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিশ্বজুড়ে যেসব মানবতাবাদী কণ্ঠস্বর সোচ্চার ছিল, তাঁদের অন্যতম হলেন ফরাসি দার্শনিক ও সাহিত্যিক অঁন্দ্রে মালরো। ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী মালরো তৎকালীন সময়ে বলেছিলেন, ‘বাংলাদেশের এই সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’ আগামী ২৩ নভেম্বর অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাস যৌথভাবে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
বিজ্ঞাপন
রোববার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেন। উদ্বোধনী আয়োজনে বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রদর্শনীটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার অঁন্দ্রে মালরোর সংক্ষিপ্ত পরিচিতি ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরেন। ৭০ বছর বয়সী মালরো কেবল বিবৃতি দিয়েই থেমে থাকেননি; স্পেনের গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতায় তিনি একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠনের ঘোষণা দিয়েছিলেন। বয়সের কারণে সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও তিনি নিষ্ক্রিয় ছিলেন না।
তিনি মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের কাছে চিঠি লিখে মার্কিন নীতির সমালোচনা করেন এবং টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দেন। এছাড়া বিশিষ্ট সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের চিঠির জবাবে তিনি বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের ২১ থেকে ২৪ নভেম্বর তিনি বাংলাদেশ সফর করেন এবং ১৯৭৬ সালের ২৩ নভেম্বর মৃত্যুবরণ করেন।
উদ্বোধনী বক্তব্যে ফ্রেডরিক ইনজা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফরাসি জনগণের হয়ে মালরো যে ভূমিকা রেখেছিলেন, তা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে এক দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন তৈরি করেছিল। আজ আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বাংলাদেশের সেই দুঃসময়কে কোনো দূরবর্তী রাজনৈতিক বিষয় হিসেবে ভাবেননি। বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার মৌলিক প্রশ্ন হিসেবে উপলব্ধি করেছিলেন। তিনি এ দেশের মানুষের সাহস ও সহনশীলতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন।’
বিজ্ঞাপন
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেন তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমরা তখন ছিলাম তরুণ। হানাদার সৈনিকেরা হাজার হাজার মানুষকে হত্যা করছিল। আমাদের মা-বোনদের সম্ভ্রম নষ্ট করছিল। হাজার হাজার এমন ঘটনা ঘটছিল প্রতিদিন। এটা মেনে নেওয়া কঠিন ছিল। বন্ধুদের নিয়ে আমরা রণাঙ্গনে গিয়েছিলাম। মৃত্যু আমাদের খুব কাছে ছিল। পাশাপাশি যুদ্ধের সময় এক বন্ধু শহীদ হলেন। নিজেও গুরুতর আহত হয়েছি। সেই সময় ফরাসি জনগণের প্রতিনিধি হিসেবে মালরোর প্রতিবাদ ও আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তা আমাদের খুবই উজ্জীবিত করেছিল।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মালরো। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সফরের সময় নির্মাণাধীন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি চট্টগ্রাম ও রাজশাহীতেও গিয়েছিলেন। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে বাংলাদেশর এই অকৃত্রিম বন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে।’
প্রদর্শনীটি সাজানো হয়েছে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় পতাকার রঙের চারটি বোর্ডে। পূর্ব পাশের বোর্ডগুলোতে মালরোর ফ্রান্স থেকে মুক্তিযুদ্ধের সময় নেওয়া পদক্ষেপ, যেমন নিক্সনের কাছে লেখা চিঠি, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ ও জহির রায়হানের চিঠির জবাব তুলে ধরা হয়েছে। পশ্চিম পাশের বোর্ডগুলো সাজানো হয়েছে ১৯৭৩ সালের তাঁর বাংলাদেশ সফর নিয়ে, যেখানে বিমানবন্দর সংবর্ধনা, স্মৃতিসৌধে শ্রদ্ধা, হাসপাতাল পরিদর্শন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডি-লিট প্রদানের ছবি ও স্থানীয় পত্রিকার প্রতিবেদন স্থান পেয়েছে।
প্রদর্শনীর দক্ষিণ পাশে একটি এলইডি মনিটরে তাঁকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। পশ্চিম প্রান্তে থাকা একটি বড় ছবির কাটআউটে দেখা যায়, হাসপাতালে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মালরোকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। মালরো সেই মালা আবার ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, ‘আমাকে নয়, মালাটি তোমাকেই দেওয়া উচিত।’ তিনি খানিকটা দূরে চলে এলে সেই আহত মুক্তিযোদ্ধা আরেকটি মালা নিয়ে ছুটে এসে মালরোকে পরিয়ে দেন। সেই আবেগঘন মুহূর্তে অভিভূত মালরো বলেছিলেন, ‘ফ্রান্সের তাৎপর্য এই যে সে দেশ একজনকে পাঠিয়েছে এই সব আহত ব্যক্তির সঙ্গে হাত মেলানোর জন্য।’
