ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
নাশকতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা ও গোপালগঞ্জ ছাড়াও বিজিবি মোতায়েন করা জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার।
বিজ্ঞাপন
বিজিবির তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। প্রতিটি ব্যাটালিয়নে ৫৫ থেকে ৫৭ প্লাটুন বিজিবি সদস্য থাকেন এবং প্রতিটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য রয়েছেন।
সংশ্লিষ্ট জেলাগুলোর শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
বিজিবি জানায়, কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
