যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

১৬ November, ২০২৬ | ৭:০৪ AM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের আগমনের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। রোববার বেলা সাড়ে তিনটায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও নিশ্চিত করেছেন যে, তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’ তিনি আরও উল্লেখ করেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব। সেই সঙ্গে বিজিবি সদর, সেক্টর সদর এবং আমরা যারা ব্যাটালিয়নের সিও হিসেবে আছি, আমরা একটি ভালো সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করব ওই ব্যক্তির জন্য, যিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।’

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক। তিনি জানান, যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী এলাকায় ২৫ থেকে ৩০টি নতুন তল্লাশিচৌকি বসানো হয়েছে। এছাড়া সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি রাতে নজরদারির জন্য সার্চলাইট, থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সড়কের বিভিন্ন স্থানে কয়েক স্তরে ব্যারিকেড বসানো হবে বলেও তিনি জানান।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রমের বিষয়ে সাইফুল আলম জানান, ১০ নভেম্বর থেকে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোর রিজিওন থেকে প্রথমে তিন প্লাটুন এবং আজ আরও তিন প্লাটুন মিলিয়ে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।