যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান
১৩ November, ২০২৬ | ৮:৫১ PM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বাহিনীর বিমানে ভারতে পাঠানো হয়েছিল, একইভাবে তাঁকে সামরিক বাহিনীর বিমানে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর মতে, শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রয়োজন নেই; বরং দুই দেশের সরকারের সমন্বয়ে তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, শেখ হাসিনা নিজেই যখন বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরির প্রয়োজন নেই। বাংলাদেশের সরকার যদি এ বিষয়ে আলোচনায় আগ্রহী না হয়, তাহলে দেশটির সামরিক বাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘সেনাবাহিনী তাঁকে সামরিক বিমানে পাঠিয়েছিল, সুতরাং আরেকটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়েও আনতে পারে।’বীণা সিক্রির বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ভারতে পৌঁছানোর বিষয়টি ভারতের পূর্বপরিকল্পিত কোনো উদ্যোগ ছিল না। সে সময় বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমান শেখ হাসিনাকে নিয়ে ভারতে অবতরণের অনুমতি চেয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে প্রথমে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে আসছেন বলে ধারণা করলেও পরবর্তী সময়ে তিনি ভারতে অবস্থানের সিদ্ধান্ত নেন। সাবেক এই ভারতীয় কূটনীতিক মনে করেন, শেখ হাসিনা যেহেতু প্রকাশ্যে বাংলাদেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন, তাই তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করার দায়িত্ব ভারত ও বাংলাদেশের সরকারের। তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরতে চাইছেন, তখন ভারতের উচিত তাঁর নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতা করা।
