শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’
আদালতের মুখোমুখি হতে শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে তাঁকে সেই সুযোগ না দিয়ে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার ওপর বাংলাদেশ সরকারের জোর দেওয়ার সমালোচনা করেছেন সাংবাদিক ও বিশ্লেষক ডেভিড বার্গম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, নিজের দেশের একজন নাগরিক, যিনি অনুপস্থিতিতে দণ্ডিত এবং যাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকার নিজেই প্রত্যর্পণের আবেদন করেছে, তাঁকে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সুযোগ না দেওয়ার কোনো নজির তাঁর জানা নেই। বার্গম্যানের মতে, কোনো সরকার যদি সত্যিই চায় যে তার একজন নাগরিক আদালতের মুখোমুখি হোক, তাহলে ওই নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চাইলে তাঁকে বাধা দেওয়ার যৌক্তিকতা থাকতে পারে না। বরং তাঁকে দেশে ফেরার সুযোগ না দিয়ে কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে হবে—এমন অবস্থান নেওয়া সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করে। তিনি আরও ইঙ্গিত করেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার পেছনে সরকারের রাজনৈতিক বিবেচনা কাজ করতে পারে। তাঁর মতে, শেখ হাসিনা দেশে ফিরে এলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া, তাঁর অনুপস্থিতিতে দেওয়া রায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে। বার্গম্যানের এই সমালোচনার পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। গত ৯ নভেম্বর শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। এর উদ্দেশ্য ছিল ভারতে অবস্থান থেকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার পথ তৈরি করা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সরকার তাঁকে সাধারণ ভ্রমণকারী হিসেবে দেশে ফিরতে দিতে চায় না; ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনতে চায়।
