আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
আর্জেন্টিনার নৌবাহিনী এবং বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
গত এপ্রিলে ইরানের প্রভাবশালী সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) আর্জেন্টিনা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। সেই সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবেই তেহরান এই ঘোষণা দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাল্টা পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার বিমানবাহিনী ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তেহরান। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “এ জন্য যে পরিণতি দেখা দেবে, তার সব দায় আর্জেন্টিনা সরকারের।” তবে আর্জেন্টিনার সেনাবাহিনীর বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান।
আর্জেন্টিনা গত এপ্রিলে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। তাদের অভিযোগ, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন দেয় ইরান। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানীতে একটি ভয়াবহ বোমা হামলায় ৮৫ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হয়েছিলেন। ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে বুয়েনস এইরেস।
