ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

১২ November, ২০২৬ | ৬:২২ AM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

­

ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই সতর্কবার্তার পরপরই শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। একই ধরনের হুমকি দেওয়া হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলেও।

বিজ্ঞাপন

রয়টার্সের যাচাই করা একটি বার্তায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে। তবে মেলোনি জানিয়েছেন, এতে বড় কোনো ঝুঁকি নেই এবং নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নজরদারিতে রেখেছে। ই-মেইলগুলোতে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামের এক স্বঘোষিত কাল্পনিক নেতার স্বাক্ষর পাওয়া গেছে।

ইউরোপের বিভিন্ন দেশ ও কর্মকর্তার সন্দেহের তালিকায় রাশিয়া ও ইরানের নাম উঠে এসেছে। তবে রাশিয়া ও ইরান উভয় দেশই এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে। সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক ও সম্প্রচারমাধ্যমে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, এ ধরনের হুমকির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়া। এটি কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্রের কাজ হতে পারে, আবার কেবল দৃষ্টি আকর্ষণের চেষ্টায় থাকা মানসিক বিকারগ্রস্তদের কাণ্ডও হতে পারে। দেশটির স্কুল অধ্যক্ষদের সমিতির মতে, হুমকিগুলো নিশ্চিতভাবেই ভুয়া হলেও এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মানসিক শান্তি ও শিক্ষার কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।