অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক
অবশেষে রাষ্ট্রায়ত্ত খাতের বেসিক ব্যাংক তাদের প্রধান কার্যালয়ের জন্য কেনা মতিঝিলের ভবনের দখল বুঝে পেয়েছে। রাজধানীর শাপলা চত্বরের অদূরে অবস্থিত এই ভবনটির দখল আজ মঙ্গলবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে ভবনটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে দ্রুত সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনা রয়েছে তাদের।
বিজ্ঞাপন
বেসিক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের অনুকূলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। আদালতের প্রতিনিধিদের উপস্থিতিতে উচ্ছেদ কার্যক্রম শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ব্যাংক কর্তৃপক্ষকে ভবনের দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দখল বুঝে পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ভবনটির দখল ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেব। এতে ব্যাংকের পরিচালন ব্যয় কমবে।’
বেসিক ব্যাংক সূত্র জানায়, নিজস্ব ভবন নির্মাণ ও কেনার লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতাপ্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবনটির নির্মাণ শেষ করে মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। চুক্তিতে ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য বরাদ্দ রাখা হয়। কিন্তু নির্ধারিত সময়ে ভবনটি হস্তান্তর না করায় ব্যাংকের আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হতে হয় ব্যাংকটিকে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের রায় ও আদেশ ব্যাংকের পক্ষে আসে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, ৮১ কোটি টাকায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সেনাকল্যাণ ভবনের বিপরীত দিকের একটি ভবনের ১২টি তলা কেনার চুক্তি হয়েছিল। ব্যাংক থেকে টাকা নিয়ে ভবনটির নির্মাণকাজ শুরু হলেও পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যাচাই করে দেখে যে, চুক্তিটির কোনো বৈধতা ছিল না। এছাড়া যে জমির ওপর ভবনটি তৈরি হয়েছে, সেটি তখন পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত ছিল এবং জমি নিয়ে আদালতে মামলা চলমান ছিল। সরকারি নিয়ম অনুযায়ী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ কিংবা পুরোনো ভবন রক্ষণাবেক্ষণের জন্য সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের প্রয়োজন হয়, যা ১৯৮৫ ও ১৯৯৮ সালের নির্দেশনায় স্পষ্ট রয়েছে। অভিযোগ রয়েছে, বেসিক ব্যাংক ভবন কেনার ক্ষেত্রে এই নির্দেশনাগুলো মানেনি।
বিজ্ঞাপন
২০০৯ সালের সেপ্টেম্বরে আবদুল হাই বাচ্চু ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে যোগদানের তিন মাস পরই ভবন কেলেঙ্কারির সূত্রপাত হয়। ওই বছরের ১৩ ডিসেম্বর ব্যাংকের ২৬১তম পর্ষদ সভায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘২০ বছর পার হলো, অথচ ব্যাংকের কোনো ভবন নেই! এটা হতে পারে না।’ সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সালের ১ এপ্রিল সিঙ্কু আকরামুজ্জামানের সঙ্গে ৫১ হাজার ৫০০ বর্গফুটের স্পেস কেনার চুক্তি হয়। চুক্তিতে ৮১ কোটি টাকা দেওয়ার বিনিময়ে ১৫ তলা ভবনের ১২টি তলা বেসিক ব্যাংকের পাওয়ার কথা ছিল এবং ভবনটির নাম ঠিক করা হয় ‘জামান বেসিক ব্যাংক টাওয়ার’।
চুক্তি সম্পাদনের দিনই ব্যাংক কর্তৃপক্ষ সিঙ্কু আকরামুজ্জামানকে ৪০ কোটি টাকা প্রদান করে। পরবর্তীতে বিভিন্ন কিস্তিতে ব্যাংক তাকে আরও ৩৬ কোটি টাকা দেয়। ব্যাংক সূত্রে জানা যায়, আকরামুজ্জামান ভবনের ওপর আরও সাতটি তলা তৈরি করে সেগুলোও ব্যাংকের কাছে বিক্রির জন্য চাপ সৃষ্টি করেন। নতুন সাতটি তলার জন্য ১৬২ কোটি টাকা দাম নির্ধারণ করে তিনি আরও ৮১ কোটি টাকা অগ্রিম দাবি করেছিলেন, তবে ব্যাংক তাতে রাজি হয়নি।
২০১৪ সালের জুলাইয়ে আবদুল হাই বাচ্চু ব্যাংক ছাড়ার পর আলাউদ্দিন এ মজিদ চেয়ারম্যান এবং খন্দকার মো. ইকবাল এমডির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালের জুলাইয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই বিশাল আর্থিক লেনদেনের বিষয়টি কেন জানানো হয়নি তার ব্যাখ্যা চায়। এমডি খন্দকার মো. ইকবাল ২১ আগস্ট ব্যাখ্যা দিলেও তা অসম্পূর্ণ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সন্তুষ্ট হতে পারেনি। ব্যাখ্যায় বলা হয়েছিল, ১৯৮৯ সাল থেকেই জমিটি পরিত্যক্ত সম্পত্তি ছিল এবং মালিকানা নিয়ে মামলা ছিল, যা ২০১৬ সালে চূড়ান্ত রায়ে আকরামুজ্জামানের পক্ষে নিষ্পত্তি হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের মতে, পরবর্তী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গাফিলতির কারণেও দখল পেতে বিলম্ব হয়েছে।
এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আজ প্রথম আলোকে বলেন, ‘ভবনটি দখল পাওয়ার পেছনে অনেকের ভূমিকা আছে। বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আদালত এবং বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ জন্য আমরা ধন্যবাদ জানাই।’
