প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি

৯ November, ২০২৬ | ৭:৫৪ PM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

প্রতিরক্ষা প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাফিউস সামি আলমগীর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত রোবোটিকস এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠানটি তাঁর নেতৃত্বে নতুন প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সাফিউস সামি আলমগীর বর্তমানে টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিইপিআইএ) সভাপতি। উৎপাদনশিল্প, বিনিয়োগ এবং বেসরকারি খাতের নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ডুবোটেক একটি দেশীয় প্রতিষ্ঠান, যা সামরিক রোবোটিকস ব্যবস্থার জন্য 'ফোর্টিস' নামের একটি এআইনির্ভর অপারেটিং সিস্টেম তৈরি করেছে। এই প্রযুক্তির মাধ্যমে তারা স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে বিভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা অভিযানের জন্য চালকহীন যান ও অধিক ওজন বহনে সক্ষম ড্রোন তৈরি করে থাকে।

শিল্প মন্ত্রণালয়ের আয়োজিত ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০২৫–এ ডুবোটেক 'স্টার্টআপ অব দ্য ইয়ার' পুরস্কার পেয়েছে। সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) থেকে বিনিয়োগ পাওয়ার পাশাপাশি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আয়োজনের মাধ্যমেও প্রতিষ্ঠানটি বিনিয়োগ আকর্ষণ করেছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে একাধিক চুক্তি করেছে এবং তাদের প্রযুক্তির জন্য ক্রয়াদেশ পেয়েছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ও পরিচালনার মাধ্যমে ডুবোটেক এখন দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কার্যক্রম বিস্তারের লক্ষ্য নিয়ে কাজ করছে।