বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানী ঢাকার তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার দিকে ডেমরার বাঁশেরপুল, যাত্রাবাড়ীর কোনাপাড়া এবং যাত্রাবাড়ীতে বিএনপির এমপি প্রার্থী নবীউল্লাহ নবীর নবী টাওয়ারের সামনে এসব বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে ডেমরার বাঁশেরপুল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এবং বিএনপি নেতা নবীউল্লাহ নবীর বাড়ি হিসেবে পরিচিত নবী টাওয়ারের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তিনটি পৃথক স্থানে এসব বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কারা বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে এখনো ডিএমপির কোন বক্তব্য পাওয়া যায়নি।
