ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে এই ফলাফল স্পষ্ট হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিরোধী দলের নেতারা তাকে ফোন করেছেন এবং তিনি দেশের মঙ্গলের জন্য ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দেশের ভালো নিশ্চিত করতে আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও জানান, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস থেকে আসা বিলে ভেটো দেওয়ার অধিকার থাকলেও, তিনি আগামী দুই বছর শুধু ভেটো দিয়ে সময় পার করতে চান না। তবে তাকে কারা ফোন করেছেন, সেই নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ২২৪ আসনে জয়ী হয়েছেন, যেখানে ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছেন ১৩৮ আসন। এখনো ৭৩টি আসনের ফল ঘোষণা বাকি আছে, যার মধ্যে ডেমোক্র্যাটরা ৩২ এবং রিপাবলিকানরা ৩৩ আসনে এগিয়ে রয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে ২১৮টি আসনের প্রয়োজন হয়, যা ডেমোক্র্যাটরা এরই মধ্যে নিশ্চিত করেছেন।
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এবং নিজের অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’ ইরানের বিষয়ে নেওয়া সিদ্ধান্তের কারণে দলের পরাজয় হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশ, এমনকি পুরো বিশ্বের দীর্ঘমেয়াদি মঙ্গলের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এখনো আমার সিদ্ধান্তটি সঠিকই আছে।’
