ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

৩ November, ২০২৬ | ৮:৩৭ PM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ইউরোপের একাধিক দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় সাইবার হামলার মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেছে। সোমবার বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ ও সুইডেনের বিভিন্ন দোকানে রাতারাতি তাপমাত্রা বেড়ে যাওয়ার খবর পাওয়া যায়। কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতাদের মতে, যান্ত্রিকভাবে পরিচালিত পুরনো অপারেটিং সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে এই আক্রমণ চালানো হয়েছে। ফ্রান্সে কয়েক সপ্তাহ আগে একই ধরনের হামলায় কোটি কোটি টাকার খাবার নষ্ট হওয়ার ঘটনার পর এবার এই দেশগুলোতে এমন পরিস্থিতি তৈরি হলো।

বিজ্ঞাপন

সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান জন বিলো রয়টার্সকে জানান, ‘বিভিন্ন দোকানের কুলিং সিস্টেমকে প্রভাবিত করার একাধিক ঘটনা জানা গেছে। সাম্প্রতিক সময়ে আমরা সুইডেনে বেশ কিছু উন্মুক্ত অপারেশনাল টেকনোলজি ডিভাইস চিহ্নিত করেছি। এগুলোতে সিস্টেম হালনাগাদ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা স্পষ্ট বার্তা দিয়েছিলাম।’ সুইডিশ খুচরা বিক্রেতা অ্যাক্সফুড জানায়, গোথেনবার্গ এলাকায় তাদের ফ্রিজার হ্যাক করা হয়েছে। এছাড়া আয়ারল্যান্ডের সুপারভ্যালু চেইনের ২২৩টি দোকানের মধ্যে ১৩টি এই সাইবার হামলার কবলে পড়েছে।

বেলজিয়াম ও লুক্সেমবুর্গের আহোল্ড ডেলহাইজে স্পার শপসহ ডজনখানেক দোকানের কুলিং ইউনিট ডিফ্রস্ট মোডে চলে গেছে। রেফ্রিজারেশন কোম্পানি সাবকোবেলের প্রধান নির্বাহী স্টিফান মোয়েলান্স এই ঘটনার জন্য সাইবার হামলাকে দায়ী করেছেন। এস্তোনিয়ার প্রযুক্তি সরবরাহকারী কিটম্যান কোল্ডটেকের প্রধান নির্বাহী জান মুতসো জানান, সোমবার সকালে এস্তোনিয়াতেও তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে।

ফ্রান্সের ঘটনার সাথে এই হামলার মিল থাকলেও এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। ইউক্রেন-রাশিয়া সংঘাত ও ইরান-যুক্তরাষ্ট্র সংকটের কারণে ইউরোপে হাইব্রিড যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, সাইবার হামলা নাগরিক জীবনের সরাসরি ক্ষতি করতে পারে। এ ঘটনায় পুরো ব্লকজুড়ে সাইবার নিরাপত্তা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।