জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ
জার্মানির ৩৪টি শহরে কয়েক হাজার জেন-জি তরুণ-তরুণী বিক্ষোভে অংশ নিয়েছেন৷ বিক্ষোভকারীরা স্কুলগুলোতে অধিক অর্থায়ন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে পদক্ষেপ, বৃহত্তর সামাজিক ন্যায়বিচার এবং জলবায়ু সুরক্ষায় জোরালো ব্যবস্থার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তারা সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ ব্যবস্থা আবার চালু করার প্রস্তাবের বিরোধিতা করেছেন। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সতর্ক করেছিল, চরমপন্থি গোষ্ঠীগুলো এই বিক্ষোভের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তবে পরবর্তীতে পুলিশ জানিয়েছে, অনেক শহরেই বিক্ষোভের শুরুটা ছিল মূলত শান্তিপূর্ণ। কোলন শহরে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা এবং আতশবাজি ব্যবহারের কারণে পুলিশ পূর্বনির্ধারিত পদযাত্রাটি বাতিল করে দেয়। তবে রাইন নদীর তীরে সমাবেশটি অব্যাহত থাকে। স্টুটগার্টে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা, আতশবাজি ব্যবহার করা এবং নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার কারণে পুলিশ বারবার পদযাত্রাটি থামিয়ে দেয়।
