শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই রাতে কয়েক মিনিটের ব্যবধানে ওই অঞ্চলে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া চীনের অন্য একটি এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস)। এনসিএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটে তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭৩ কিলোমিটার। এর প্রায় ৩৯ মিনিট পর, রাত ৮টা ৪২ মিনিটে একই অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য বলছে, এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের বাসার এলাকা থেকে প্রায় ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এদিকে, একই দিন ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনের আরেকটি এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এনসিএস জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তিব্বতে এই ভূমিকম্পের ঘটনা এমন এক সময়ে ঘটল, যার কয়েক সপ্তাহ আগে গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সীমান্তবর্তী এলাকা থেকে সৃষ্ট বন্যার পানি নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর ও ভবন ভেসে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সর্বশেষ ভূমিকম্পগুলোতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: এনডিটিভি
