আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

১২ October, ২০২৬ | ১১:০৯ PM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ ১২ই অক্টোবর, সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাতে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন। দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিসি আকতার হোসেন বলেন, তারা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার দুই কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে চলতি বছরের মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একই মাসের শেষ দিকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকেও গ্রেপ্তার করে ডিবি। তিনি ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারোর সরকারের সময় তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।