‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা

৭ October, ২০২৬ | ১১:৪৭ PM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কুমিল্লা সদর দক্ষিণে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম (৩৯) নামে এক জমি ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্যসচিব তারিফুল ইসলাম ওরফে তারিফের বিরুদ্ধে। গুরুতর আহত শরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল ৬ই অক্টোবর, মঙ্গলবার ভুক্তভোগী শরিফুল ইসলামের পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে যুবদল নেতার এই নৃশংসতার কথা তুলে ধরেন। শরিফুল ইসলাম সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের হরেশপুর গ্রামের বাসিন্দা। বিদেশ থেকে ফিরে তিনি এলাকায় জমি বেচাকেনার ব্যবসা শুরু করেন। সংবাদ সম্মেলনে শরিফুলের ভাই আবদুল কুদ্দুস মাখন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক পদ-পদবি ব্যবহার করে তারিফুল ইসলাম আমার ভাইয়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। স্পষ্ট জানিয়ে দেন, এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিয়েই থাকতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় ভাইয়ের ওপর এই তাণ্ডব চালানো হয়েছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ভুক্তভোগী শরিফুলের ভাষ্যমতে, গত ১লা অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়পুর বাজারের ‘মামার বাড়ি’ নামের একটি দোকানের সামনে যুবদল নেতা তারিফের নেতৃত্বে তার ভাই আরিফসহ ১২-১৩ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে তাকে বেধড়ক পেটানো হলে তার পা ভেঙে যায়। অভিযোগের ব্যাপারে জানতে উপজেলা যুবদলের সদস্যসচিব তারিফুল ইসলাম তারিফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি “আমি ভাত খাইতেছি, ফালতু” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় আসার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা দায়ের করা হবে।