ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!

২৫ September, ২০২৬ | ৫:৫১ AM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

তারেক রহমানের সমালোচনামূলক একটি ভিডিওতে ‘লাইক’ দেওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২১শে সেপ্টেম্বর, সোমবার মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত)। তার ইনডেক্স নম্বর ঘ ১১১৮০২৮। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ই আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ভোলা মিশন’ নামের একটি পেজে ‘সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান’ ও ‘খেলা জমে গেছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। অভিযোগ, ওই ভিডিওতে লাইক দেন শিক্ষক মামুন অর রশিদ তালুকদার। এ ঘটনায় তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি ২১শে সেপ্টেম্বর স্মারক নম্বর ৩৬/২৬-এর অফিস আদেশে তদন্ত ও অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করে। অফিস আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তার বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রচলিত বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মামুন অর রশিদ তালুকদার। তিনি জানান, ৯ই আগস্ট রাতে ফেসবুক নিউজফিডে স্ক্রল করার সময় অসাবধানতাবশত তার আঙুলে চাপ পড়ে ভিডিওটিতে লাইক পড়ে যায়। পরে ভিডিওটি আপত্তিকর বুঝতে পেরে তিনি লাইকটি তুলে নেন। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল বলেন, বিষয়টি তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।