একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৫৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী, মালিবাগ, মগজাবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ১৯শে সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর থেকে রাত আটটার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় থানার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর বলেন, রাত পৌনে আটটার দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে কারা, কোন দিক থেকে এসব হাতবোমা ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে একটি ককটেল ছোড়া হয়। সেটি সড়কে পড়ে বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে। বনানী থানার এসআই মো. তারেক বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে কেউ একটি ককটেল নিচে ছুড়ে মারে। সেটি বিস্ফোরিত হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এদিকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনাতেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া মগবাজারেও দুটি হাতবোমা বিস্ফোরণের তথ্য মিলেছে। একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পরপর এসব বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলগুলোতে পুলিশ কাজ করছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত বা একই সূত্রে ঘটনাগুলো ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।