বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া

২২ আগস্ট, ২০২৬ | ৫:৩৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে একাদশ নিয়ে কিছুটা ভাবনার কথা জানিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। পেসবান্ধব চার বোলিং আক্রমণ নাকি নাথান লায়নকে একাদশে রেখেই নামবেন, সে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় চেয়েছিলেন তিনি। তবে মাঠের পাশে সংবাদ সম্মেলন শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চূড়ান্ত হয়ে যায় অস্ট্রেলিয়ার একাদশ। ডারউইন টেস্টের একাদশ থেকে পরিবর্তন এসেছে কেবল একটি। ওপেনার জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় ফেরানো হয়েছে ম্যাথিউ রেনশকে। আর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হতে যাওয়া এই টেস্টেও একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, ‘চার পেসার নিয়ে খেলব নাকি স্পিনার রাখব, সেই সিদ্ধান্ত নিতে আরও এক দিন সময় দেখতে চাচ্ছি।’ তবে অধিনায়কের কথা শেষ হওয়ার পরপরই পিচের পাশে বৈঠকে বসেন নির্বাচকরা। এরপরই নিশ্চিত করা হয় লায়নের উপস্থিতি। ২০২৫ সালে দিবা-রাত্রির দুটি টেস্টে চার পেসার নিয়ে দল সাজালেও, সুস্থ থাকা অবস্থায় লাল বলের টেস্টে লায়নকে একাদশের বাইরে রাখার নজির অজি ক্রিকেটে ১৪ বছরে মাত্র একবারই ঘটেছে। ডারউইনে বাংলাদেশকে ৯ উইকেটের ঐতিহাসিক জয় উপহার দেওয়া প্রথম টেস্টের বোলিং আক্রমণেই আস্থা রাখছে স্বাগতিকরা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড পেস আক্রমণের নেতৃত্ব দেবেন, আর স্পিনে মূল দায়িত্ব পালন করবেন লায়ন। এদিকে ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট একাদশে ফিরলেন ২৯ বছর বয়সী রেনশ। জীবনের প্রথম টেস্ট খেলে বাদ পড়া ওয়েদারাল্ডের স্থলাভিষিক্ত হয়ে আবারও ওপেনিংয়ে নামবেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে ২০ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন তিনি। তাছাড়া ম্যাকাইয়ের এই ভেন্যুতে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরির অভিজ্ঞতাও রয়েছে তার। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারের পরও দলে বড় কোনো রশদ বদল করেনি অসিরা। দীর্ঘ দিন ব্যাটে রান না থাকলেও তিন নম্বর পজিশনে মার্নাস লাবুশেনকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে দলের ব্যর্থতা মেনে নেওয়ার পাশাপাশি বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘অনেকেই হয়তো বলবেন যে আমাদের সব ম্যাচই জিততে হবে—আর আমরাও সেটাই চাই। বিশেষ করে ঘরের মাঠে জয় পাওয়াটা আমাদের জন্য বড় বিষয়।’ ‘আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকেও, তারা দুর্দান্ত খেলেছে এবং তারা সত্যিই শক্তিশালী এক দল,’ যোগ করেন অসি অধিনায়ক। ম্যাকাইয়ের গ্রাউন্ডে এটিই প্রথম টেস্ট হতে চলায় উইকেট নিয়ে কিছুটা কৌতূহল ছিল। দুই বছর আগে এই মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ ও ভারত ‘এ’ দলের ম্যাচের ফুটেজ দেখে কন্ডিশন বোঝার চেষ্টা করেছে সফরকারী দল। সে সময় খেলা গড়ালে ব্যাটিং সহজ হয়েছিল বলে জানা গেলেও, কিউরেটর পিটার কাজাকফ জানিয়েছেন, বছরের এই সময়ে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় উইকেটে আর্দ্রতা দীর্ঘ সময় ধরে থাকবে। অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথিউ রেনশ, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।