প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল

২১ আগস্ট, ২০২৬ | ৫:১৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আয়কর প্রশাসনে বড় রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হলেন- কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানা। আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার ২২ জন কর কমিশনারের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটের মতো সিআইসি ও এনবিআরের বিশেষায়িত গোয়েন্দা ইউনিট। যেখানে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত সব ধরনের অপরাধ তদন্ত করা হয়ে থাকে। প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮-এ, কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানাকে সিআইসি, আয়কর গোয়েন্দার মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১-এ, কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে আয়কর গোয়েন্দার মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও কবির উদ্দিনে মোল্লাকে কর অঞ্চল-৪-এ, শহিদুল ইসলামকে কর আপিল অঞ্চল-৩-এ, নাজমা পারভীনকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে পদায়ন করা হয়েছে। ১২ কর্মকর্তাকে পদোন্নতি এদিকে বৃহস্পতিবার ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে চলতি দায়িত্বে পদোন্নতি দিয়ে কর কমিশনার করা হয়েছে। এরা হলেন- ড. নুরুল আমিন, মাহবুবুল মোর্শেদ, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈমুর রসুল, এজেডএম নূরুজ্জামান, মো. মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম, সালেহীন সিরাজ, মোহাম্মদ শাহ আলম, মোসাদ্দেক হুসেন, মির্জা মোহাম্মদ মামুন সাদাত এবং দুলাল চন্দ্র পান্ডে। আরেক আদেশের মাধ্যমে এসব কর্মকর্তার দপ্তর বণ্টন করা হয়েছে।