৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা

১৩ আগস্ট, ২০২৬ | ৫:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডে (ইউসিপিএল) দীর্ঘদিনের চাঁদা দাবির জেরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও মালিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এমনকি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতেই দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। আজ ১২ই আগস্ট, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইউসিপিএল বিদ্যুৎ কেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স এফএম এন্টারপ্রাইজ’-এর প্রকৌশলী শাহরিয়ার আমির ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। এ সময় তাদের সঙ্গে থাকা স্থানীয় সাংবাদিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার জিন্নাত আইয়ূবও হামলার শিকার হন। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় যুবদল নেতা আলী হোসেন দীর্ঘদিন ধরে মেসার্স এফএম এন্টারপ্রাইজের কাছে ব্যবসা পরিচালনা করার বাবদ ৫০ শতাংশ চাঁদা দাবি করে আসছিলেন। প্রতিষ্ঠানের মালিকপক্ষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বুধবার সকালে আলী হোসেন তার অনুসারীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকৌশলী শাহরিয়ার আমিরের পথ রোধ করে বেধড়ক মারধর করেন। সে সময় স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান। ঘটনার পরপরই ভুক্তভোগীরা কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ জানালে বন্দর পুলিশ ফাঁড়ির সদস্য সদস্যরা ঘটনাস্থলে যান। অভিযোগ রয়েছে, পুলিশ উপস্থিত থাকা অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আলী হোসেনের দলবল আবারও তাদের ওপর চড়াও হয় এবং মারধর করে। ঘটনার বর্ণনা দিয়ে আহত প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন, “আলী হোসেন দীর্ঘদিন ধরে ৫০% চাঁদা দাবি করছিল। আমরা রাজি না হওয়ায় বুধবার সকালে অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এলে তাদের সামনেই আবার আমাদের মারধর করা হয়।” প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, “আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি। আলী হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সুষ্ঠু বিচারের জন্য আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।” অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, “থানার ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা বাদীদের ওপর ক্ষিপ্ত হয়ে আবারও হামলার চেষ্টা চালায়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, “এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”