গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল

৩ আগস্ট, ২০২৬ | ৫:১৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর স্নান করার ভিডিও গোপনে ধারণ করে তাকে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১লা আগস্ট, শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী সর্দারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় জিন্নাহ মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯শে জুলাই রাত ৮টার দিকে মেলান্দহ বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি বাথরুমে গৃহস্থালির কাজ শেষে স্নান করছিলেন ওই গৃহবধূ। এ সময় শফিকুল কৌশলে মোবাইল ফোনে তা ধারণ করেন। পরবর্তীতে এই ভিডিওর অজুহাতে বিভিন্নভাবে গৃহবধূকে ভয়ভীতি ও হয়রানি শুরু করেন অভিযুক্ত ব্যক্তি। এমনকি শারীরিক সম্পর্কেরও চেষ্টা চালান শফিকুল ইসলাম। কিন্তু ব্যর্থ হয়ে এক পর্যায়ে ভিডিওটি বিভিন্ন অ্যাপের মাধ্যমে গৃহবধূর সৌদি প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা করেন এবং স্বজনদের কাছে পাঠিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালান। মান-সম্মানের চিন্তায় প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে পরামর্শ করে মেলান্দহ থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে ব্যবহৃত মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শফিকুল ইসলাম তার অপরাধের কথা স্বীকার করে ‘ভুল’ করেছেন বলে জানান।