প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার আগে শুক্রবার রাতেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি একাধিক বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করা হয়েছে বিডি ডাইজেস্টকে। তবে সরকারি পর্যায়ে প্রকাশিত কর্মসূচিতে শুক্রবার রাতের ওই বৈঠকের কোনো তথ্য জানানো হয়নি। জানা গেছে, শুক্রবার রাতে ঢাকায় অনুষ্ঠিত ওই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সার্জিও গোর। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গোর। গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতে রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের দায়িত্ব পালন করে আসা তার এটাই প্রথম বাংলাদেশ সফর।
