যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক
যশোরের নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন সাকার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির নেতা হাফিজুরসহ আরও একজনকে গ্রাম থেকে আটক করে নিয়েও গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। আজ ১৫ই জুলাই, বুধবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের একটি ঝোপঝাড় থেকে আওয়ামী লীগের এই নেতার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাখাওয়াত হোসেন সাকা ঝিকরগাছা উপজেলার ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ঝিকরগাছা থানার কর্মকর্তারা জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
