হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১১ জুলাই, ২০২৬ | ৫:০৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কিশোরগঞ্জের নিকলী হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ২টা থেকে ২টার মধ্যে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের একটি দলের সঙ্গে নিকলী হাওরে ঘুরতে আসেন তুলু। একপর্যায়ে কাঁঠালকান্দি এলাকায় গোসল করার উদ্দেশ্যে তিনি হাওরের পানিতে লাফ দেন। এ সময় হাওরের তীব্র স্রোতের টানে তিনি মুহূর্তেই পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের কারণে ব্যর্থ হন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। তবে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অন্য একটি উদ্ধার কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলকে তলব করা হয়। পরে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে আশপাশের হাওরে ব্যাপক উদ্ধার অভিযান চালায়। তবে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান না পাওয়ায় আলো স্বল্পতার কারণে প্রথম দিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ বলেন, গাজীপুর থেকে ঘুরতে আসা এক পর্যটক দুপুরে হাওরের পানিতে নিখোঁজ হয়েছেন। খবর পাওয়ার পরপরই ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে আসায় সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করবে।