শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স

২৮ মে, ২০২৬ | ৫:৫৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই এলো নতুন জটিলতার খবর। কনটেন্ট ফাইল না পৌঁছানোয় এখনো সিনেমাটির শো টাইম প্রকাশ বা অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে পারেনি স্টার সিনেপ্লেক্স। একই সমস্যায় আটকে আছে ‘মাসুদ রানা’ সিনেমাটিও। বুধবার (২৭ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানায়, দুই সিনেমার কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি। ফলে আপাতত শোর সময়সূচি ঘোষণা বা আগাম টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না। দর্শকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, পরবর্তী আপডেটের জন্য তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে নজর রাখতে। ঈদের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিকে অনেক সিনেপ্রেমী প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের গাফিলতি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও একই দিনে স্টার সিনেপ্লেক্স তাদের পেজে ‘রকস্টার’–এর পোস্টার প্রকাশ করে জানিয়েছিল, আজমান রুশো পরিচালিত সিনেমাটি ঈদে তাদের পর্দায় প্রদর্শিত হবে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত এই জটিলতার সমাধান না হলে ঈদের ব্যস্ত মৌসুমে সিনেমা দুটি প্রত্যাশিত দর্শক হারাতে পারে।