মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৫২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

সানজিদা আক্তার মেঘলার বলে যখন ছক্কা মেরে দিলেন আমা কাঞ্চানা, ম্যাচে তখন দারুণ উত্তেজনা। ১৫ বলে লঙ্কানদের প্রয়োজন ২১ রান, উইকেট বাকি ৫টি। এই সময়ের ক্রিকেটে কাজটা কঠিন নয় মোটেও। তবে ওই ওভারেই টানা দুই বলে উইকেট নিয়ে ম্যাচের মোড় আবার ঘুরিয়ে দিলেন মেঘলা। লঙ্কানরা আর পারল না শেষের সমীকরণ মেটাতে। শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়ে উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ ‘এ।’ আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন একগাদা ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১১৫ রানে। ২০ ওভার খেলে ১১১ রানে থামে লঙ্কানদের ইনিংস। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাঁহাতি স্পিনার মেঘলা। ব্যাংককে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা করে দারুণ। ম্যাচের প্রথম বলে বাউন্ডারিতে শুরু করেন ইশমা তানজিম। অভিজ্ঞ শামীমা সুলতানা ঝড় তুলতে না পারলেও উইকেটে টিকে থাকেন। পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে বাংলাদেশ। ৩৮ বছর ছুঁইছুঁই শামীমা আউট হন ১৯ বলে ১৭ রান করে। পাওয়ার প্লে শেষে রানের গতিও থমকে যায়। ২৫ বলে ৩০ রান করে বিদায় নেন ইশমা। এরপর রুবাইয়া হায়দারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শারমিন সুলতানা। তবে দীর্ঘায়িত হয়নি সেই চেষ্টা। ২০ বল খেলে ১১ রানে আউট হন রুবাইয়া। আগ্রাসী তাজ নেহার বিদায় নেন দুই বল খেলেই। শারমিন এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে। ২৭ বলে ২৯ রান করে শারমিন আউট হওয়ার পর ইনিংসে নামে মহাধস। অবিশ্বাস্যভাবে ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। রান তাড়ায় লঙ্কান অধিনায়ক আনুশকা সাঞ্জিভানিকে তৃতীয় ওভারে ফেরান বাংলাদেশ অধিনায়ক ফাহিমা। দ্রুততায় শুরু করা সানজানা কাভিন্দিকে (১৭) বোল্ড করে দেন মেঘলা। তিনে নামা হানশিমা কারুনারাত্নে এক প্রান্ত আগলে এগিয়ে নেন দলকে। তাকে যখন ২৬ রানে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা, লঙ্কানদের রান তখন ৫ উইকেটে ৬৫। তবে বল হাতে ৪ উইকেট নেওয়া সাঞ্চিনি নিসানসালা ব্যাট হাতেও দলকে লড়াইয়ে রাখেন। তাকে সঙ্গ দেন আমা কাঞ্চানা। এই জুটিই বিপাকে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে নিজের স্পেলের শেষ দুই বলে কাঞ্চানা (২৩) ও মালশা সেহানিকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেঘলা। পরের ওভারে সাঞ্চিনি চার দিয়ে শুরু করলেও তাকে (১৮ বলে ২০) বিদায় করেন অভিজ্ঞ লতা মন্ডল। শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন পড়ে ১৩ রানের। অধিনায়ক ফাহিমা নিজেই দায়িত্ব নেন। শেষ ওভারে রান দেন কেবল ৮। বাংলাদেশের পরের ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে সোমবার। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ১৯.৫ ওভারে ১১৫ (ইশমা ৩০, শামিমা ১৭, শারমিন ২৯, রুবাইয়া ১১, তাজ ১১, ফাহিমা ৮, লতা ০, শরিফা ৩, ফারজানা ৫, জান্নাতুল ০, মেঘলা ২*; সাঞ্চিনি ৪/১৪, মালশা ২/১৭, সাথিয়া ২/২১)। শ্রীলঙ্কা ‘এ’: ২০ ওভারে ১১১/৯ (হানসিমা ২৬, কাঞ্চানা ২৩, সাঞ্চিনি ২০, সানজানা ১৭; শরিফা ৪-০-২৬-১, মেঘলা ৪-০-২০-৩, ফাহিমা ৪-০-২৪-২, জান্নাতুল ৩-০-১৩-১, ফারজানা ১-০-৩-০, লতা ৪-০-২০-২)।