আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা – বর্ণমালা টেলিভিশন

আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ | ৫:৪৪ 37 ভিউ
বাজারে আবারো সরবরাহ সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীর বিভিন্ন বাজারে এক ও দুই লিটারের বোতল খুঁজে পেতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ৬ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এ তেল। এদিকে সরবরাহ সংকটের মধ্যে গত এক সপ্তাহে খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। পাশাপাশি ডজনপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। অন্যদিকে ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দামও রয়েছে উচ্চপর্যায়ে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল কাঁচাবাজার, নিউ মার্কেট কাঁচাবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো চাহিদার তুলনায় কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে। ফলে ডিলারদের কাছ থেকে খুচরা বিক্রেতারাও প্রয়োজনীয় পরিমাণে তেল পাচ্ছেন না। ডিলারদের বরাতে বিক্রেতারা জানিয়েছেন, দাম বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে কোম্পানিগুলোর বক্তব্য পাওয়া যায়নি। বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে চাহিদা অনুযায়ী এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুর টাউন হল বাজারে অন্তত ছয়টি দোকানে চার-পাঁচটি করে তেলের বোতল দেখা গেছে। কোনো দোকানে এক লিটারের বোতল নেই, আবার কোনো দোকানে পাওয়া যাচ্ছে না দুই লিটারের বোতল। কিছু দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামেও বিক্রি হচ্ছে তেল। সরবরাহে ঘাটতি থাকলেও দোকানে আসা সব বোতলজাত তেল বিক্রির জন্য প্রদর্শন করছেন না কোনো কোনো বিক্রেতা। নিয়মিত ক্রেতাদের চাহিদা মেটাতে একাংশ আলাদা করে রাখছেন বলে জানিয়েছেন তারা। কারওয়ান বাজার কিচেন মার্কেটের মুদি বিক্রেতা জাভেদ ইসলাম বলেন, ‘আমার দৈনিক প্রায় ১০ কার্টন সয়াবিন তেল লাগে। ডিলারের কাছ থেকে পেয়েছি চার কার্টন। নিয়মিত গ্রাহকেরা চাইলে তো দিতেই হয়। তাই কিছু বোতল সরিয়ে আলাদা সংরক্ষণ করি।’ বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে খোলা তেলের বাজারেও। সাধারণত বোতলজাত তেলের প্রাপ্যতা কমে গেলে বিকল্প হিসেবে খোলা তেলের চাহিদা বাড়ে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৯০-১৯৫ টাকায় উঠেছে। একই সময়ে খোলা পাম তেলের দাম শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৭০-১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে টিসিবির এ মূল্যতথ্যের সঙ্গে বাজারের কিছু বিক্রেতার কাছ থেকে পাওয়া মূল্যবৃদ্ধির হিসাবের পার্থক্য রয়েছে। দাম বাড়ানোর উদ্যোগ কোম্পানিগুলোর চলতি বছর কয়েক দফায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে সংকট দেখা দিয়েছে। বছরের শুরুতে ফেব্রুয়ারির দিকে প্রথম সংকটের পর এপ্রিলের শেষ দিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর জুলাইয়ে আবার সরবরাহে ঘাটতির অভিযোগ ওঠে। পরে ৩ সেপ্টেম্বর লিটারপ্রতি পাঁচ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়। এর পরও বাজারে সরবরাহ পরিস্থিতির স্থিতিশীলতা আসেনি বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। এদিকে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলো। এ বিষয়ে গত ২০ সেপ্টেম্বর বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ভেজিটেবল ফ্যাট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে রাজি নয় সরকার। গত বুধবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। পর্যালোচনা শেষ হওয়ার আগে দাম বাড়ানো হবে না। বাজারসংশ্লিষ্টদের মতে, একদিকে সরবরাহে ঘাটতি, অন্যদিকে দাম বাড়ানোর উদ্যোগ—দুইয়ের প্রভাব পড়ছে ভোজ্যতেলের বাজারে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও উঠছে। ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোক্তাদের বাড়তি ব্যয়ের চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ডিম, মুরগি ও মাছের দামও চড়া ভোজ্যতেলের পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষের উৎস ডিম, মুরগি ও মাছ। গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে ১৫৫-১৬০ টাকা। পাড়া-মহল্লার মুদি দোকানে এক হালি ডিম বিক্রি হচ্ছে প্রায় ৫৫ টাকায়। নিম্ন আয়ের পরিবারগুলোর অনেকেই একসঙ্গে এক ডজন ডিম কেনার সামর্থ্য রাখেন না। তারা সাধারণত এক-দুটি করে ডিম কেনেন। সে ক্ষেত্রে প্রতিটি ডিমের জন্য গুনতে হচ্ছে প্রায় ১৫ টাকা। অন্যদিকে প্রায় দুই মাস ধরে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০০ টাকার আশপাশে রয়েছে। বিভিন্ন ধরনের মাছও বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। গতকাল বাজারে দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ কেজিপ্রতি ৩৮০-৪০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা এবং পাঙাশ ২৫০-২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এ উচ্চমূল্যের মধ্যে ভোজ্যতেলের নতুন করে সরবরাহ সংকট এবং ডিমের দাম বৃদ্ধি সাধারণ ভোক্তাদের ব্যয় আরো বাড়াচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর খাদ্যব্যয়ের ওপর এর প্রভাব পড়ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস